
ওয়াশিংটন, ৩০ মে – যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায়ের প্রধান দুই ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে কেন্দ্রীয় ছুটি ঘোষণার দাবি পুনরায় জোরালো হয়েছে। এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে মার্কিন কংগ্রেসে একটি নতুন বিল উত্থাপন করা হয়েছে।
গত ২৭ মে নিউ ইয়র্কের ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য গ্রেস মেং এবং ইন্ডিয়ানার কংগ্রেস সদস্য আন্দ্রে কারসন যৌথভাবে বিলটি উপস্থাপন করেন। বিলের উদ্যোক্তারা মনে করেন যে, যুক্তরাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিতে দেশটির মুসলিম নাগরিকদের অসামান্য অবদান রয়েছে।
সেই অবদানের স্বীকৃতিস্বরূপ এই দুই বড় ধর্মীয় উৎসবকে কেন্দ্রীয় বা সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা যৌক্তিক। ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় গ্রেস মেং উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে এই দাবিটি উপেক্ষিত ছিল। কিছুটা বিলম্ব হলেও বিলটি নতুন করে উত্থাপন করতে পেরে তারা আনন্দিত এবং এটি চূড়ান্তভাবে আইনে পরিণত না হওয়া পর্যন্ত তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
উল্লেখ্য যে, এর আগে ২০২৪ সালে ঈদ ডে অ্যাক্ট বা এইচআর ৮৭৫৫ নামে একটি বিল উত্থাপন করা হয়েছিল। তবে সে সময় বিলটি প্রয়োজনীয় জনসমর্থন না পাওয়ায় আলোর মুখ দেখেনি। তবে সাম্প্রতিক সময়ে মার্কিন রাজনীতি ও প্রশাসনে গুণগত পরিবর্তন আসার ফলে এই বিষয়টি আবারও নতুন করে গুরুত্ব পেতে শুরু করেছে।
বিশেষ করে নিউ ইয়র্ক সিটির মতো গুরুত্বপূর্ণ শহরে মুসলিম আমেরিকান মেয়রের নির্বাচিত হওয়া এবং বিভিন্ন অঙ্গরাজ্যে মুসলিম ভোটারদের ক্রমবর্ধমান প্রভাব এই দাবির পক্ষে জনমত গঠন করছে। এরই মধ্যে নিউ ইয়র্ক সিটির সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২০১৫ সাল থেকেই দুই ঈদের ছুটিতে ছুটি কার্যকর করার নিয়ম চালু রয়েছে।
এছাড়া মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, মিশিগান, মিনেসোটা, ইলিনয় এবং ভার্জিনিয়ার মতো অঙ্গরাজ্যগুলোতে মুসলিম শিক্ষার্থী ও চাকুরিজীবীরা ঈদের দিন বিশেষ ছুটির সুযোগ পেয়ে আসছেন। প্রস্তাবিত এই বিলটি যদি শেষ পর্যন্ত আইনে পরিণত হয়, তবে তা যুক্তরাষ্ট্রের মুসলিম জনগোষ্ঠীর দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।
এস এম/ ৩০ মে ২০২৬






