যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন কেভিন ওয়ার্শ। তিনি ২০১৮ সাল থেকে দায়িত্ব পালন করা জেরোম পাওয়েলের স্থলাভিষিক্ত হলেন।
আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২২ মে) আনুষ্ঠানিকভাবে শপথ নেন ৫৬ বছর বয়সী কেভিন ওয়ার্শ। তার নিয়োগকে কেন্দ্র করে মার্কিন সিনেটে তীব্র রাজনৈতিক বিতর্ক দেখা দেয়। ডেমোক্র্যাটদের বিরোধিতার মধ্যেও দলীয় লাইনে ভোট দিয়ে তার মনোনয়ন অনুমোদন করা হয়।
তবে ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান দলীয় অবস্থানের বাইরে গিয়ে তার পক্ষে ভোট দেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি বলেন, আমি চাই কেভিন পুরোপুরি স্বাধীনভাবে কাজ করুক। কাউকে না দেখে নিজের দায়িত্ব পালন করুক।
তবে কেভিন ওয়ার্শের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্র্যাট নেতারা। সিনেট ব্যাংকিং কমিটিতে শুনানির সময় সিনেটর এলিজাবেথ ওয়ারেন অভিযোগ করেন, ওয়ার্শ ট্রাম্পের প্রভাবমুক্ত থাকতে পারবেন না। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করে বলেন, মুদ্রানীতি নির্ধারণে তিনি স্বাধীন অবস্থান বজায় রাখবেন।
তবে ফেড চেয়ারম্যান হলেও এককভাবে নীতিনির্ধারণের ক্ষমতা নেই ওয়ার্শের। ফেডের মোট ১২ জন ভোটাধিকারপ্রাপ্ত সদস্যের সমন্বয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন চেয়ারম্যান হিসেবে আগামী ১৬ ও ১৭ জুন অনুষ্ঠেয় নীতিনির্ধারণী বৈঠকে প্রথমবার সভাপতিত্ব করবেন কেভিন ওয়ার্শ।




