
ঢাকা, ১৯ এপ্রিল – প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করতে আগামী ২৭ এপ্রিল যশোর এবং ২ মে সিলেট সফর করবেন।
পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত পানি ব্যবস্থাপনাবিষয়ক কমিটির সভা শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
সচিবালয়ে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে পানিসম্পদ মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিশিষ্ট পানি বিশেষজ্ঞ আইনুন নিশাত এবং মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠক শেষে মন্ত্রী জানান যে মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনা এবং এর বাস্তবায়নের পদ্ধতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। আসন্ন বর্ষা মৌসুমে বন্যা পরিস্থিতি মোকাবেলা এবং দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যমান জলাবদ্ধতা নিরসনে সরকারের প্রস্তুতি সম্পর্কেও সভায় আলোকপাত করা হয়।
মন্ত্রী বলেন যে অল্প সময়ের মধ্যে সব সমস্যার সমাধান করা কঠিন হলেও সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে এই সংকট নিরসনে কাজ করে যাচ্ছে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে কৃষিকাজের উন্নয়ন ও পানিনিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে বর্তমান সরকার দেশব্যাপী খাল খনন কর্মসূচিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে।
উল্লেখ্য যে রবিবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশ করেন। পানিসম্পদ মন্ত্রণালয়ের সাথে আলোচনার পর তিনি নির্ধারিত সূচি অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথেও একটি বৈঠকে অংশ নেন।
বিকেলে সংসদ নেতা হিসেবে জাতীয় সংসদের চলতি অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
এনএন/ ১৯ এপ্রিল ২০২৬






