দুর্দান্ত ফর্মে বিশ্বকাপ মাতিয়ে চলেছেন লিওনেল মেসি। সবকিছুতে এগিয়ে থাকলেও কিছুটা পিছিয়ে পড়েছেন পেনাল্টির ক্ষেত্রে। এবার দুটি স্পট কিকের সুযোগ পেয়েছে আর্জেন্টিনা, দুটি শটই নেন মেসি। অস্ট্রিয়া এবং মিশর, দুদলের গোলরক্ষকই ঠেকিয়ে দেন তার দুর্বল পেনাল্টি। তাবুও কোচ লিওনেল স্কালোনি বলছেন, আবারও পেনাল্টি পেলেও সেটা মেসিই নেবেন।
রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায় সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, ‘প্রথমত, লিও চাইলে পেনাল্টি নেবে। আমাদের দলে পেনাল্টি নিতে সক্ষম আরও খেলোয়াড় আছে, কিন্তু সে যদি পেনাল্টি নিতে চায়, তবে সে-ই নেবে।’
মেসির খেলার পজেশন নিয়ে স্কালোনি বলেছেন, ‘সত্যি বলতে, আজকাল সে সাধারণত আরও মাঝমাঠে খেলে, কিন্তু আমাদের পুরো দল এবং বিশেষ করে যারা তার আশেপাশে খেলে তাকে কেন্দ্র করেই খেলে। এটা স্বাভাবিক। খেলার স্বাভাবিক গতিধারার মধ্যেই এটা ঘটেছে। দল বুঝতে পারে যে সে ওইদিক থেকে বিপদ তৈরি করে, বিশেষ করে সে বিপরীত দিকে এমন পাস খুঁজে যেখানে সতীর্থরা পৌঁছাতে পারে।’



