মেক্সিকো সিটির জনবহুল ইজতাপালাপা এলাকায় ভয়াবহ এক বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন, আহত হয়েছেন আরও ৬০ জনের বেশি।
আজ (২০ সেপ্টেম্বর) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) বহনকারী ট্যাংকার ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে বিস্ফোরিত হলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সীমানা দেওয়ালে আঘাত করে। এসময় ট্রাকটিতে প্রায় ৫০ হাজার লিটার এলপিজি মজুত ছিল। সংঘর্ষের পরপরই ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং চারপাশে আগুন ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণের তীব্রতায় আশপাশের অন্তত ৩০টি গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই ১০ জন মারা যান এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৫ জনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে এখনো ২১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চিকিৎসা শেষে ৩৮ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, চালকের অদক্ষতা এবং অতিরিক্ত গতি এই দুর্ঘটনার মূল কারণ। ঘটনার সময় ট্রাকটি স্বাভাবিক গতির চেয়ে অনেক দ্রুতগতিতে চলছিল বলে জানিয়েছে তদন্তকারীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের শব্দ বহু দূর থেকে শোনা গেছে এবং মুহূর্তের মধ্যে এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। জরুরি সেবা বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
মেক্সিকো সরকারের পক্ষ থেকে ঘটনার তদন্ত চলছে এবং দগ্ধ পরিবারগুলোর প্রতি সমবেদনা জানানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




