রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি | চ্যানেল আই অনলাইন

রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি | চ্যানেল আই অনলাইন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসকদের হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টা থেকে এ কর্মসূচি শুরু হয়।

ইন্টার্ন ডক্টরস সোসাইটি, রামেক হাসপাতালের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রোববার (১৯ এপ্রিল) রাতে ১৩ নম্বর ওয়ার্ডে রোগীর এক স্বজনের হাতে দুইজন পুরুষ ইন্টার্ন চিকিৎসক এবং সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ৩৬ নম্বর ওয়ার্ডে এক নারী ইন্টার্ন চিকিৎসক হেনস্তার শিকার হন। এসব ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ২৪ ঘণ্টার কর্মবিরতির পাশাপাশি সকাল ৯টায় মানববন্ধনের ডাক দেওয়া হয়। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

সকালে হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধন থেকে ইন্টার্ন চিকিৎসকরা ঘটনার সুষ্ঠু বিচার এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানান।

ইন্টার্ন প্রতিনিধি ডা. তানভীর আহমেদ তৌকির বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। তাদের একমাত্র দাবি—নিরাপদ কর্মপরিবেশ ও যথাযথ সুরক্ষা নিশ্চিত করা। পাশাপাশি সাম্প্রতিক দুই দিনের হেনস্তার ঘটনার বিচারও চান তারা।

অন্যদিকে, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েছেন রোগীরা।

এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Scroll to Top