
বার্সেলোনা ক্লাবের আজীবন সমর্থকরা মৃত্যুর পরেও প্রিয় ক্লাবকে সমর্থন জানাতে পারবেন নিজের উপস্থিতি বজায় রেখে। তবে বার্সার অন্যসব প্রাপ্ত সুবিধার মতোই সমর্থনের এই নিষ্ঠা বজায় রাখার জন্য গুনতে হবে মোটা অঙ্কের অর্থ। ন্যু ক্যাম্প স্টেডিয়ামের সংস্কারের অংশ হিসেবে কাতালানরা চালু করেছে ‘মেমোরিয়াল এফসি বার্সেলোনা’। সে স্থানের দেয়ালে ২৬ হাজার কুলুঙ্গি বা খোপ আছে, যেখানে ভক্তরা মৃত্যুর পর নিজেদের চিতাভস্ম রেখে দিতে পারবেন অর্থের বিনিময়ে।
কুলুঙ্গি বা খোপ হল, ঘরের দেয়ালে জিনিসপত্র রাখার জন্য কেটে তৈরি করা ছোট ছোট তাক। একসময় মাটি বা সাধারণ ঘরের দেয়ালে এমন খোপ তৈরি করা হতো তৈজসপত্র সাজিয়ে, মোমবাতি বা কুপি জ্বালিয়ে রাখার জন্য।
মেমোরিয়ালের ওই স্থানে জায়গা করে নেয়ার জন্য বার্সার পাঁড় সমর্থকদের ১০ বছরের জন্য খরচ হবে ২,৪৯০ ইউরো (প্রায় সাড়ে ৩ লাখ টাকা), ৫০ বছরের জন্য ৬,০০০ ইউরো (৮ লাখ টাকার বেশি)। পাশাপাশি প্রতিবছর ৭০ (প্রায় সাড়ে ৯ হাজার টাকা) ইউরো রক্ষণাবেক্ষণ ফি দিতে হবে। চিরকালের জন্য নিজের জায়গাটি নিশ্চিত করতে চাইলে খরচ হবে ১০,০০০ ইউরো (প্রায় ১৪ লাখ টাকার কাছে)। আর স্মৃতিফলকের জন্য দিতে হবে আরও ৪৯০ ইউরো (প্রায় ৬৭ হাজার টাকা)।
‘মেমোরিয়াল এফসি বার্সেলোনা’ প্রকল্পের কথা তুলে ক্লাবের ভাইস-প্রেসিডেন্ট মারিয়া এলেনা ফোর্ট বলেছেন, ‘অনেক বছর আগে আমার দাদা মারা যাওয়ার সময় বলেছিলেন, তিনি কেবল এটুকুই চান যেন তাকে বার্সেলোনার মাঠের পাশে সমাহিত করা হয়। যাতে মৃত্যুর পরেও তিনি গোল হওয়ার শব্দ শুনতে পান। অনেক ভক্তেরই এমন স্বপ্ন থাকে।’
এই স্মৃতিস্থলে চারটি বড় আলোকিত বর্গাকার কাঠামো থাকবে। স্মৃতিফলকগুলো বসানো হবে এলইডি আলোয় আলোকিত একটি কাঁচের দেয়ালে। চিতাভস্মের পাত্রগুলো রাখা হবে এমন একটি ম্যুরালের পেছনে, যা ক্লাবের ১২৫ বছরের ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে তুলে ধরবে। স্পেনের প্রতিদ্বন্দ্বী ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল বেটিস এবং এস্পানিওলের স্টেডিয়ামে আগে থেকেই ছোট আকারের এমন স্মৃতিস্থল রয়েছে।
বার্সেলোনা ২০২৭ সালে এই প্রকল্পের কাজ শুরু করবে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ইতিমধ্যে ১ হাজারের বেশি বার্সা সমর্থক মেমোরিয়ালের কুলুঙ্গিতে জায়গা ভাড়া করে ফেলেছেন। তাদের দেয়া অর্থ স্টেডিয়াম পুনর্নির্মাণের বিশাল ব্যয় মেটাতে ব্যবহৃত হবে। ২০২৩ সালে ক্লাবটি স্টেডিয়ামের ধারণক্ষমতা ৯৯,৩৫৪ থেকে বাড়িয়ে ১,০৫,০০০ করার একটি প্রকল্প হাতে নেয়। এটি ওয়েম্বলি স্টেডিয়ামের চেয়ে ১৫,০০০ আসন বেশি এবং নর্থ কোরিয়ার পিয়ংইয়ংয়ের রুংরাডো ফার্স্ট অব মে স্টেডিয়ামের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফুটবল ভেন্যুতে পরিণত হবে।
এই সংস্কার কাজের ব্যয় শুরুতে ৯০০ মিলিয়ন ইউরো ধরা হলেও বর্তমানে ২ বিলিয়ন ইউরোর কাছাকাছি পৌঁছেছে। এই খরচের বোঝা মূলত তাদের উপরই পড়ছে যারা মৌসুমী টিকিটধারী (সিজন টিকিট হোল্ডার) নন। সাম্প্রতিক বছরগুলোতে তাদের টিকিটের দাম দ্বিগুণ হয়ে গেছে।
চলতি বছরের শেষ নাগাদ স্টেডিয়ামে কাজও শেষ হওয়ার কথা রয়েছে। তবে ন্যু ক্যাম্পের ছাদ বসানোর কাজ চলাকালীন ক্লাবটি আগামী মৌসুমের কিছু অংশ অলিম্পিক স্টেডিয়ামে হোম ভেন্যু হিসেবে খেলবে।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

