ডিএনসির তথ্য অনুযায়ী, দেশে অন্তত ২৪ ধরনের মাদক পাওয়া যায়। এর মধ্যে ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত আট বছরে নতুন বা অপ্রচলিত ১৩ ধরনের মাদক শনাক্ত ও উদ্ধার হয়েছে। সবচেয়ে বেশি পাঁচটি শনাক্ত হয় ২০১৯ সালে; ২০২১ সালে তিনটি। তবে নতুন বলে চিহ্নিত সব দ্রব্যই সম্পূর্ণ নতুন রাসায়নিক নয়; কয়েকটি প্রচলিত মাদকের ভিন্ন রূপ।
তালিকায় রয়েছে খাত (নেশা সৃষ্টিকারী উদ্ভিদ), আইস (স্ফটিকাকার মেথামফেটামিন, শক্তিশালী উত্তেজক রাসায়নিক), এমডিএমএ বা এক্সট্যাসি (কৃত্রিম উত্তেজক মাদক), এলএসডি (বিভ্রম সৃষ্টিকারী রাসায়নিক), ট্যাপেন্টাডল ও ট্রামাডল (ওপিওয়েড শ্রেণির ব্যথানাশক), ডিএমটি (বিভ্রম সৃষ্টিকারী রাসায়নিক), ম্যাজিক মাশরুম (নেশা সৃষ্টিকারী উপাদানযুক্ত ছত্রাক), ডিওবি (কৃত্রিম বিভ্রম সৃষ্টিকারী পদার্থ), কুশ (গাঁজার বিশেষ জাত হিসেবে পরিচিত), উচ্চক্ষমতার জমাট হেরোইন (আফিমজাত মাদক), ব্ল্যাক কোকেন (কোকেনের বিশেষ রূপ) এবং এমডিএমবি (গাঁজার মতো প্রভাব সৃষ্টিকারী কৃত্রিম রাসায়নিক)।
এগুলোর মধ্যে কোনোটি উত্তেজক, কোনোটি বিভ্রম সৃষ্টি করে। কিছু দ্রব্য ওষুধ হিসেবেও ব্যবহৃত হয়। যেমন ট্যাপেন্টাডল ও ট্রামাডল ব্যথানাশক ওষুধ। ডিএনসির কর্মকর্তাদের ভাষ্য, এমডিএমএ মূলত ক্লাব বা পার্টিতে ব্যবহৃত হয়। যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস থেকে এটি আসার তথ্য রয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্য থেকে ডাকযোগে আসা একটি চালানে ৩১৭টি বড়ি উদ্ধার করা হয়।

