মুম্বাইয়ে চরম বায়ুদূষণ, সর্বোচ্চ মাত্রার পরিবেশগত নিষেধাজ্ঞা জারি | চ্যানেল আই অনলাইন

মুম্বাইয়ে চরম বায়ুদূষণ, সর্বোচ্চ মাত্রার পরিবেশগত নিষেধাজ্ঞা জারি | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ভারতের অর্থনৈতিক কেন্দ্র মুম্বাইয়ে বায়ুদূষণ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় শহরের বেশ কয়েকটি এলাকায় জিআরএপি-৪ (গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান) পর্যায়ের সর্বোচ্চ মাত্রার পরিবেশগত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আজ ১ ডিসেম্বর সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, মুম্বাই পৌর করপোরেশন (বিএমসি) জানায় মাজগাঁও, ডিওনার, মালদা, বোরিভালি (পূর্ব), চাকালা-আন্ধেরি (পূর্ব), নেভি নগর, পাওয়াই এবং মুলুন্ড এলাকায় সাম্প্রতিক সময়ে বায়ু মান সূচক (একিউআই) ‘অত্যন্ত খারাপ’ থেকে ‘গুরুতর’ পর্যায়ে পৌঁছায়।

এই অবস্থায় নির্মাণকাজ ও ধুলো সৃষ্টিকারী সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে ৫০টিরও বেশি নির্মাণ সাইটে স্টপ-ওয়ার্ক অথবা শাটডাউন নোটিশ জারি করা হয়েছে। ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান, যেমন বেকারি ও মার্বেল কাটিং ইউনিটগুলোকে পরিচ্ছন্ন প্রযুক্তি ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। তা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কতাও দেওয়া হয়েছে।

দূষণ নিয়ন্ত্রণে প্রতিটি ওয়ার্ডে ভ্রাম্যমাণ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। এসব দলে প্রকৌশলী, পুলিশ সদস্য এবং জিপিএস-ট্র্যাকড গাড়ি রয়েছে, যারা দূষণ সৃষ্টিকারী কার্যক্রম নজরদারি করছে। গত কয়েক সপ্তাহে দূষণ পরিস্থিতি খারাপ হওয়ায় স্থানীয় বাসিন্দারা চোখ জ্বালা, শ্বাসকষ্ট ও গলা ব্যথার মতো শারীরিক সমস্যার অভিযোগ করেছেন।

মুম্বাই কংগ্রেস ইউনিট ‘মুম্বাই ক্লিন এয়ার অ্যাকশন প্ল্যান’ ঘোষণা করেছে। এতে পরিষ্কার বাতাসকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া, ২৪ ঘণ্টা দূষণ পর্যবেক্ষণ ব্যবস্থা চালু, ১০ লাখ গাছ লাগানো এবং যানবাহন, নির্মাণ ও শিল্প খাতে কঠোর দূষণ নিয়ন্ত্রণের প্রস্তাব রাখা হয়েছে।

Scroll to Top