মিয়ানমারে অং সান সু চির সাজার মেয়াদ সাড়ে ৪ বছর কমালো জান্তা সরকার – DesheBideshe

মিয়ানমারে অং সান সু চির সাজার মেয়াদ সাড়ে ৪ বছর কমালো জান্তা সরকার – DesheBideshe


মিয়ানমারে অং সান সু চির সাজার মেয়াদ সাড়ে ৪ বছর কমালো জান্তা সরকার – DesheBideshe

নেইপিদো, ১৭ এপ্রিল – মিয়ানমারের কারাবন্দি গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির কারাবাসের মেয়াদ হ্রাস করেছেন দেশটির প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান মিন অং হ্লেইং। তার আইনজীবীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিভিন্ন দুর্নীতি মামলায় ৮০ বছর বয়সী এই নেত্রীর ২৭ বছরের সাজার মধ্য থেকে সাড়ে চার বছর কমিয়ে দেওয়া হয়েছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর সু চিকে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল। ২০২০ সালের সাধারণ নির্বাচনে সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডি বিপুল ভোটে জয়ী হলেও কারচুপির অভিযোগ তুলে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী।

অভ্যুত্থানের পর সু চি ও তার দলের অসংখ্য নেতাকর্মীকে বন্দি করা হয়। রাজধানী নেইপিদোর একটি সামরিক আদালতে বিচার প্রক্রিয়া শেষে তাকে এই দীর্ঘ সাজা দেওয়া হয়েছিল।

সম্প্রতি ২০২৫ সালের নির্বাচনে জয়ী হয়ে মিন অং হ্লেইং প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এই ক্ষমা ঘোষণার সিদ্ধান্ত এল।

সু চির সাজা কমানোর পাশাপাশি আরও ৪ হাজার ৩৩৫ জন বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে জান্তা সরকার।মুক্তিপ্রাপ্তদের তালিকায় দেশটির সাবেক প্রেসিডেন্ট উইন মিন্তও রয়েছেন।

মিয়ানমারের নববর্ষ বা থিনগিয়ান উৎসব সামনে রেখে প্রতি বছরই দেশটিতে সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে বন্দিদের মুক্তি দেওয়ার একটি রীতি প্রচলিত রয়েছে। সেই ঐতিহ্যের অংশ হিসেবেই জান্তা সরকার এবারের এই পদক্ষেপ নিয়েছে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এনএন/ ১৭ এপ্রিল ২০২৬



Scroll to Top