মাসুদ পথিকের নতুন ছবিতে গাইলেন মমতাজ | চ্যানেল আই অনলাইন

মাসুদ পথিকের নতুন ছবিতে গাইলেন মমতাজ | চ্যানেল আই অনলাইন
Channeliadds-30.01.24Nagod

মাসুদ পথিকের ‘বক: সোল অব ন্যচার’ ছবিতে গাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ

কবি জীবনানন্দ দাশের কবিতা ‘আট বছর আগের একদিন’ অবলম্বনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাসুদ পথিক নির্মাণ করছেন ‘বক: সোল অব ন্যচার’ নামের একটি ছবি। সেই ছবির একটি গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ!

গানটির নাম ‘তেঁতুল গাছ’। মাসুদ পথিকের কথায় গানটির সুর ও সংগীত করেছেন শামীম মাহমুদ। নির্মাতা জানিয়েছেন, এরইমধ্যে গানটির রেকর্ডিংও সম্পন্ন।

গানটি নিয়ে মাসুদ পথিক বলেন,“এই সিনেমায় তেমন গান যাবে না। তবুও একটা টাইটেল সঙ রাখা হচ্ছে। ‘তেঁতুল গাছ’ গানটি অনেকটায় প্রকৃতির ভেতর মানুষের সংগ্রামি জীবনের লড়াই ও প্রেমের।”

ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রুনা খান

কবিতা ও চিত্রকর্ম থেকেই চলচ্চিত্রের রসদ খুঁজে বেড়ানো নির্মাতা মাসুদ পথিক। নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে নির্মাণ করেছিলেন নিজের প্রথম ছবি ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’। দ্বিতীয় চলচ্চিত্র ‘মায়া’ করেছেন শিল্পী শাহাবুদ্দিনের চিত্রকর্ম ও কবি কামাল চৌধুরীর কবিতা অবলম্বনে। দুটি ছবিই রেকর্ড সংখ্যক বিভাগে জাতীয় পুরস্কার অর্জন করে।

Reneta April 2023

তৃতীয় ছবিটির রসদ নিয়ে জীবনানন্দ দাশের ‘আট বছর আগের একদিন’ থেকে। এ নিয়ে মাসুদ পথিক বলেন, ‘আমাদের আত্মপীড়ন, আমাদের আত্মঘাতী মনোভাব, প্রকৃতির ভেতরও একে অন্যকে খেয়ে ফেলার যে মনোবৃত্তি, সে বিষয়গুলো নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করেছি।’

ছয় মাস আগে ব্রাহ্মণবাড়িয়ার হাওড় এলাকায় ছবিটির শুটিং সম্পন্ন হয়। এডিটিংও শেষের দিকে। ছবির মূল চরিত্রে অভিনয় করছেন রতন দেব। এ ছাড়া অভিনয়ে আছেন রুনা খান, রতন দেব, আব্রাহাম তামিম, ইলিনা শাম্মি, সাফওয়ান মাহমুদ, রোহান, গৃহী প্রমুখ। ছবিটির প্রযোজনায় আছে ব্রাত্য ক্রিয়েশন এবং কো স্পনসর হিসেবে আছে গ্রিফফ।

Scroll to Top