
ওয়াশিংটন, ১৪ এপ্রিল – যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালী অতিক্রম করেছে চারটি বাণিজ্যিক জাহাজ। আন্তর্জাতিক জলসীমায় মার্কিন নৌবাহিনীর কড়া নজরদারি এবং নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে জাহাজগুলোর এই সফল চলাচলকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচনা করছেন বিশ্লেষকরা। বিবিসি ভেরিফাইয়ের জাহাজ ট্র্যাকিং তথ্যের বরাত দিয়ে একটি প্রতিবেদনে জানানো হয়েছে যে, মার্কিন অবরোধের মধ্যেও এই চারটি জাহাজ হরমুজ প্রণালী পার হতে সক্ষম হয়েছে।
মেরিন ট্রাফিকের প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এই জাহাজগুলোর মধ্যে অন্তত দুটি আগেই ইরানের বন্দরে নোঙর করেছিল। এর মধ্যে ক্রিস্টিয়ানা নামক একটি জাহাজের পূর্বে ইরানে যাওয়ার রেকর্ড রয়েছে। অন্যদিকে, রিচ স্টারি নামের মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত অপর একটি জাহাজ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পূর্ব দিকে যাত্রা শুরু করে এবং রাতের আঁধারেই হরমুজ প্রণালী পার হয়ে যায়। একই তালিকায় থাকা মুরলিকিশান নামের আরেকটি জাহাজ চীনের লানসান বন্দর থেকে যাত্রা করে রাতের মধ্যেই প্রণালী অতিক্রম করে।
মেরিন ট্রাফিকের তথ্যমতে, জাহাজটির সর্বশেষ অবস্থান ছিল ইরানের কেশম দ্বীপের পূর্ব অংশে। এছাড়া এলপিস নামের অপর একটি ট্যাংকার মঙ্গলবার ইরানের বুশেহর বন্দর থেকে পূর্ব দিক দিয়ে প্রণালী পাড়ি দিয়েছে বলে জানা যায়। এটিও মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত থাকলেও এর চূড়ান্ত গন্তব্য সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্টরা ধারণা করছেন, নিজেদের অবস্থান গোপন রাখতে জাহাজগুলো বিশেষ কোনো কৌশলের আশ্রয় নিয়ে থাকতে পারে। এর আগে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল যে, তারা সোমবার দুপুর থেকে ইরানের বন্দরগুলোতে সব ধরনের প্রবেশ এবং প্রস্থান পথ অবরোধ করবে।
এস এম/ ১৪ এপ্রিল ২০২৬





