মানিকগঞ্জে বাউলদের ওপর হামলায় মামলা, আসামি ২০০

মানিকগঞ্জে বাউলদের ওপর হামলায় মামলা, আসামি ২০০

মানিকগঞ্জে কারাবন্দি বাউল শিল্পী আবুল সরকার মহারাজের মুক্তির দাবিতে মানববন্ধনে যোগ দিতে আসা বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনায় ২০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে। সোমবার বিকালে সদর থানায় আহত বাউল শিল্পী জহিরুল ইসলামের বাবা আলাউদ্দিন ভুইয়া মামলাটি করেন।

মানিকগঞ্জে বাউলদের ওপর হামলায় মামলা, আসামি ২০০মানিকগঞ্জে বাউলদের ওপর হামলায় মামলা, আসামি ২০০
ছবি: সংগৃহীত

পুলিশ জানায়, রবিবারের হামলার ঘটনাকে কেন্দ্র করে তাদের পক্ষ থেকেও পৃথক একটি জিডি করা হয়েছে। তবে দুই দিন পেরিয়ে গেলেও এখনও কাউকে গ্রেপ্তার বা আটক করা সম্ভব হয়নি।

মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ‘অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তৌহিদী জনতার অভিযোগ, রবিবার দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শহীদ স্মৃতিস্তম্ভের দিকে তাদের বিক্ষোভ মিছিল যাওয়ার সময় আগে থেকে অবস্থান নেওয়া আবুল সরকারের ৪০–৫০ অনুসারী বাঁশ, কাঠের লাঠি, লোহার রড ও পাইপ নিয়ে হামলা চালায়। এতে তাদের অন্তত তিন-চারজন আহত হন।

অন্যদিকে বাউল শিল্পীরা জানান, শহীদ রফিক সড়কে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে পূর্বনির্ধারিত মানববন্ধনের প্রস্তুতি নেওয়ার সময় তৌহিদী জনতার একটি অংশ তাদের ধাওয়া করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বাউল শিল্পী আব্দুল আলিম, আরিফুল ইসলাম ও জহিরুল ইসলাম আহত হন। আহতরা সদর হাসপাতালে ভর্তি হলেও রাতে নিরাপত্তাহীনতার কারণে হাসপাতাল ছাড়তে বাধ্য হন। তৌহিদী জনতার আহত সদস্যরাও চিকিৎসাধীন আছেন।

গত ৪ নভেম্বর ঘিওরের জাবরা এলাকায় পালাগানের অনুষ্ঠানে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে বাউল শিল্পী এবং বাংলাদেশ বাউল সমিতির সভাপতি আবুল সরকার মহারাজের বিরুদ্ধে। পরে ২০ নভেম্বর মাদারীপুর থেকে তাকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। আদালত দুই দফায় তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Scroll to Top