বান্দরবানের লামায় মাদকের টাকার জন্য মাকে উত্ত্যক্ত করার দায়ে এক তরুণকে ১০ মাস ১০ দিন কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার বাজারপাড়া থেকে ওই তরুণকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটকের পর এ সাজা দেওয়া হয়।
কারাদণ্ড পাওয়া ওই তরুণের নাম মো. ইমতিয়াজ (২৪)। তিনি লামার পৌরসভার চেয়ারম্যান পাড়ার বাসিন্দা। পুলিশ জানায়, ইমতিয়াজ নিয়মিত মাদক সেবন করতেন। মাদকের টাকার জন্য মা ও বাবাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে উত্ত্যক্ত করতেন। গতকাল দুপুরে তাঁর বিরুদ্ধে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেন মা। এর পর থেকেই তাঁকে নজরদারিতে রাখছিল পুলিশ। পরে রাত ৯টার দিকে উপজেলার বাজারপাড়ার একটি ঘরে তাঁকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন তাঁকে কারাদণ্ড দেন।


