ময়নাতদন্ত ছাড়াই কবর দেওয়া ও সৎকার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: সিপিবি

ময়নাতদন্ত ছাড়াই কবর দেওয়া ও সৎকার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: সিপিবি

সমাবেশে নেতারা গোপালগঞ্জের ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নাগরিকদের সমাবেশের অধিকার নিশ্চিত করার দাবি জানান। সমাবেশে বক্তব্য দেন সিপিবির সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স), ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভসহ কেন্দ্রীয় নেতারা। সভা পরিচালনা করেন সিপিবির ঢাকা মহানগর উত্তরের নেতা ও ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল।

সমাবেশে নেতারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা ছিল না। এটা ছিল এক যুগের বেশি সময় ধরে স্বৈরাচারবিরোধী, কর্তৃত্ববাদবিরোধী সংগ্রামের ধারাবাহিক ফলাফল। এই অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা ও একটি বৈষম্যহীন সমাজ গঠন।

নেতারা আরও বলেন, দেশবাসী দেখতে পাচ্ছে সরকারি দল বলে পরিচিতদের আর্মির সাঁজোয়া বাহিনী ও পুলিশ বাহিনীর পাহারায় সমাবেশ করতে সহায়তা করা হচ্ছে আর অন্যদিকে সরকারি ট্রেন ভাড়া দেওয়া হচ্ছে রাজনৈতিক দলগুলোর জনসভায় লোক আনার জন্য। মব সন্ত্রাস চলছে। নতুন নতুন রূপে ভয়ের রাজত্ব আবির্ভূত হচ্ছে। এ অবস্থা দেখার জন্য দেশের মানুষ গণ-অভ্যুত্থান করেনি।

Scroll to Top