মনে হচ্ছিল এখনই গুলি লাগবে

মনে হচ্ছিল এখনই গুলি লাগবে

হামলার মুখে আন্দোলনকারীদের একটি অংশ নিউমার্কেটের পাশে হকার্স মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, তামাকুমুন্ডি লেনের বিভিন্ন বিপণিবিতানের ভেতরে ঢুকে পড়ে। আরেকটি অংশ স্টেশন সড়ক হয়ে কদমতলী দিকে চলে যায়। একটি অংশ চলে যায় লালদীঘি মোড়ে।

ছাত্র-জনতার যে অংশটি তামাকুমুন্ডি লেনের বিভিন্ন বিপণিবিতানে ঢুকে পড়েছিল, তাদের দিকে তেড়ে যায় ছাত্রলীগ ও যুবলীগ। আমি তখন ওই লেনের পাশেই ছিলাম। একপর্যায়ে ছাত্র-জনতার ওপর আবার গুলিবর্ষণ শুরু হয়। আমি ঢুকে পড়ি একটা দোকানে। পরিস্থিতি বুঝে বেরিয়ে নিউমার্কেট মোড়ের এক পাশের পদচারী–সেতুর ওপর গিয়ে দাঁড়াই। সেখান থেকে মোটামুটি সব দেখা যাচ্ছিল। আগেই সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তুলছিলেন জ্যেষ্ঠ আলোকচিত্রী সৌরভ দাশ। তিনি জানালেন, দুজন অস্ত্রধারী আশপাশেই আছেন। তাঁরা আন্দোলনকারীদের লক্ষ্য করে মুহুর্মুহু গুলি ছুড়ছিলেন। আমিও নজর রাখলাম।

বেলা পৌনে একটায় দেখলাম, কয়েকজন অস্ত্রধারী একটি বিপণিবিতানের দিকে এলোপাতাড়ি গুলি ছুড়ছেন। মনে হচ্ছিল, এই বুঝি গুলি এসে গায়ে লাগবে। কয়েকটা গুলি এসে পদচারী–সেতুর হাতলেও লেগেছিল, আমরা কাছেই ছিলাম।

*সুজয় চৌধুরী: নিজস্ব প্রতিবেদক, প্রথম আলো 

Scroll to Top