ভূরাজনৈতিক অস্থিরতা: যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে ৮৬ টন সোনা সরাল নেদারল্যান্ডস – DesheBideshe



স্বর্ণের মজুদ

আমস্টারডাম, ৩ সেপ্টেম্বর – ভূরাজনৈতিক অস্থিরতা বৃদ্ধির আশঙ্কায় যুক্তরাষ্ট্র ও কানাডায় গচ্ছিত রাখা ৮৬ টন স্বর্ণের মজুত লন্ডনে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। চলতি বছরের মার্চ থেকে আগস্ট মাসের মধ্যে এই স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক ডি নেদারল্যান্ডস ব্যাংক (ডিএনবি)।

ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, নিউ ইয়র্ক ও অটোয়ার তুলনায় লন্ডনে স্বর্ণের লেনদেন অনেক বেশি সহজ এবং দ্রুত। কোনো সংকটময় পরিস্থিতিতে এই মজুদ যেন দ্রুত কাজে লাগানো যায় সেই লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএনবি প্রেসিডেন্ট ওলাফ সেলেইজপেন বলেন, এই পদক্ষেপের মাধ্যমে স্বর্ণের মজুদকে আরও বেশি ব্যবহারযোগ্য করা হয়েছে। যদিও তারা আশা করছেন এই স্বর্ণ কখনোই ব্যবহারের প্রয়োজন হবে না, তবুও সক্ষমতা বৃদ্ধির জন্য এটি জরুরি ছিল।

২০২৫ সালের শেষ নাগাদ নেদারল্যান্ডসের মোট স্বর্ণের মজুত দাঁড়াবে ৬১২ দশমিক ৪ টনে যার বর্তমান বাজারমূল্য প্রায় ৭২ দশমিক ২ বিলিয়ন ইউরো। এর আগে ডাচ কেন্দ্রীয় ব্যাংকের মোট স্বর্ণের ৩১ দশমিক ৩ শতাংশ নিউ ইয়র্কে এবং ১৯ দশমিক ৭ শতাংশ অটোয়ায় ছিল। স্থানান্তরের পর এখন লন্ডনভিত্তিক মজুতের পরিমাণ ১৮ দশমিক ১ শতাংশ থেকে বেড়ে ৩২ দশমিক ১ শতাংশে উন্নীত হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন লন্ডনের স্বর্ণের বাজার বিশ্বের সবচেয়ে বেশি তারল্যসম্পন্ন হওয়ায় সংকটের সময় সেখানে থাকা সম্পদ দ্রুত ঋণ বা নগদ অর্থে রূপান্তর করা সহজ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিও অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংককে তাদের গচ্ছিত সম্পদ সরিয়ে নিতে উৎসাহিত করছে। তবে জার্মানির কেন্দ্রীয় ব্যাংক বুন্দেস ব্যাংক জানিয়েছে তারা নিউ ইয়র্ক থেকে তাদের স্বর্ণের মজুত সরানোর কোনো পরিকল্পনা করছে না।

এনএন/ ৩ সেপ্টেম্বর ২০২৬




নেদারল্যান্ডস কত টন স্বর্ণ লন্ডনে সরিয়েছে?

মার্চ থেকে আগস্ট ২০২৬-এর মধ্যে প্রায় ৮৬ টন স্বর্ণ যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে লন্ডনে স্থানান্তর করা হয়েছে।

কেন নেদারল্যান্ডস স্বর্ণ লন্ডনে সরিয়েছে?

DNB-এর বক্তব্য অনুযায়ী, লন্ডন বিশ্বের অন্যতম প্রধান শারীরিক স্বর্ণ বাণিজ্যকেন্দ্র হওয়ায় সংকটের সময় সেখানে রাখা স্বর্ণ দ্রুত লেনদেন বা ব্যবহার করা সহজ।

নেদারল্যান্ডসের মোট স্বর্ণের মজুত কত?

২০২৫ সালের শেষের হিসাবে DNB-এর মোট স্বর্ণের মজুত ছিল ৬১২.৪ টন, যার মূল্য ছিল প্রায় ৭২.২ বিলিয়ন ইউরো

স্থানান্তরের পর লন্ডনে কত শতাংশ ডাচ স্বর্ণ রয়েছে?

স্থানান্তরের পর লন্ডনে থাকা নেদারল্যান্ডসের স্বর্ণের অংশ বেড়ে ৩২.১ শতাংশ হয়েছে।

নেদারল্যান্ডস কি সব স্বর্ণ যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে সরিয়ে নিয়েছে?

না। স্থানান্তরের পরও নিউ ইয়র্ক ও অটোয়া—দুই জায়গাতেই ডাচ স্বর্ণের ১৮.৫ শতাংশ করে রয়েছে।

Scroll to Top