ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ না করার সতর্কতা দিল মার্কিন দূতাবাস – DesheBideshe

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ না করার সতর্কতা দিল মার্কিন দূতাবাস – DesheBideshe


ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ না করার সতর্কতা দিল মার্কিন দূতাবাস – DesheBideshe

ঢাকা, ০২ মে – ভিজিটর ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে গিয়ে কাজ করা বা সেখানে অবস্থানকালে কোনো ধরনের পারিশ্রমিকভিত্তিক চাকরিতে যুক্ত না হওয়ার বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস, ঢাকা।

শনিবার (২ মে) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ সতর্কতা জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, বি১/বি২ ভিসা (ভিজিটর ভিসা) ব্যবহার করে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে সীমিত কিছু ব্যবসায়িক কার্যক্রম করা যেতে পারে। এর মধ্যে রয়েছে—চুক্তি নিয়ে আলোচনা, ব্যবসায়িক বৈঠকে অংশগ্রহণ এবং বিভিন্ন সম্মেলনে যোগ দেওয়া।

তবে স্পষ্টভাবে জানানো হয়েছে, এই ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করে কোনো ধরনের বেতন বা পারিশ্রমিক গ্রহণ করা কিংবা স্থানীয় কোনো নিয়োগকর্তার অধীনে কাজ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

দূতাবাস আরও মনে করিয়ে দিয়েছে, ভিসার শর্ত ভঙ্গ করে কাজ করলে তা অভিবাসন আইন লঙ্ঘনের আওতায় পড়ে এবং ভবিষ্যতে ভিসা বাতিল বা প্রবেশে নিষেধাজ্ঞার মতো শাস্তির মুখে পড়তে হতে পারে।

এর আগে যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, শুধুমাত্র সন্তানের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা ব্যবহার করাও অনুমোদিত নয়। কনস্যুলার কর্মকর্তারা যদি মনে করেন কোনো আবেদনকারীর মূল উদ্দেশ্য এ ধরনের অনিয়ম, তাহলে ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হতে পারে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ভিসা অপব্যবহার রোধে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান নিচ্ছে এবং ভ্রমণকারীদের উদ্দেশ্য যাচাইয়ে নজরদারি বাড়ানো হয়েছে।

সবমিলিয়ে, ভিসার শর্ত মেনে চলার ওপর আবারও জোর দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ, যাতে ভবিষ্যতে আইনি জটিলতা ও ভ্রমণ নিষেধাজ্ঞা এড়ানো যায়।

এনএন/ ০২ মে ২০২৬



Scroll to Top