ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে আ. লীগ নেতা আটক

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে হিমাংশু দাস (৫২) নামে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

আটক

বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে ইমিগ্রেশন ডেস্ক থেকে তাকে আটক করা হয়, ভারতে যাওয়ার সময়।

আটক বাগেরহাট জেলা সদরের হাড়িখালী পিসি কলেজ রোড এলাকার অমলেন্দু দাসের ছেলে। তিনি ওই এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেন হিমাংশু দাস। এ সময় তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় তাকে আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় মামলা থাকার বিষয়টি স্বীকার করেন তিনি। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি শহীদ তিতুমীর জানান, ইমিগ্রেশন পুলিশ একজন আওয়ামী লীগ নেতাকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাট সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

Scroll to Top