২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হতে কলেজ ও প্রতিষ্ঠানভেদে ভিন্ন অঙ্কের ফি দিতে হবে শিক্ষার্থীদের। নতুন নীতিমালা অনুযায়ী, সেশন চার্জ ও ভর্তি বাবদ সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা নেওয়া যাবে।
সোমবার (২৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রকাশিত একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালায় এ তথ্য জানানো হয়েছে।
নীতিমালা অনুযায়ী, কলেজের এমপিওভুক্তির অবস্থা, অবস্থান এবং শিক্ষার মাধ্যমের ওপর ভিত্তি করে ভর্তি ও সেশন ফি নির্ধারণ করা হয়েছে। সবচেয়ে বেশি ফি দিতে হবে ঢাকা মহানগর এলাকার নন-এমপিও কলেজের শিক্ষার্থীদের।
এমপিওভুক্ত কলেজের ক্ষেত্রে ঢাকা মহানগর এলাকায় বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমে ভর্তি ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকার বাইরে অন্যান্য মেট্রোপলিটন এলাকায় ৩ হাজার, জেলা পর্যায়ে ২ হাজার এবং উপজেলা ও মফস্বল এলাকায় ১ হাজার ৫০০ টাকা নেওয়া যাবে।
নন-এমপিও কলেজে ভর্তির ফি তুলনামূলক বেশি। ঢাকা মহানগরে বাংলা মাধ্যমে ৭ হাজার ৫০০ এবং ইংরেজি মাধ্যমে ৮ হাজার ৫০০ টাকা দিতে হবে। ঢাকার বাইরের মেট্রোপলিটন এলাকায় বাংলা মাধ্যমে ৫ হাজার এবং ইংরেজি মাধ্যমে ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
জেলা পর্যায়ে নন-এমপিও কলেজে বাংলা মাধ্যমে ভর্তি ফি ৩ হাজার এবং ইংরেজি মাধ্যমে ৪ হাজার টাকা। উপজেলা ও মফস্বল এলাকায় এই ফি যথাক্রমে ২ হাজার ৫০০ ও ৩ হাজার টাকা।
কলেজের ভর্তি ও সেশন ফি ছাড়াও একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন করতে শিক্ষার্থীকে ২২০ টাকা দিতে হবে।
ভর্তির প্রাথমিক নিশ্চায়নের সময় শিক্ষা বোর্ডকে বিভিন্ন খাতে মোট ৩৪০ টাকা দিতে হবে। এর মধ্যে রেজিস্ট্রেশন ফি ১৪২, ক্রীড়া ফি ৫০, রোভার/রেঞ্জার ফি ১৫, রেড ক্রিসেন্ট ফি ১৬, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ এবং বিএনসিসি ফি ১০ টাকা রয়েছে। শিক্ষককল্যাণ ও অবসরসুবিধা ভাতা হিসেবে আরও ১০০ টাকা দিতে হবে।
এ ছাড়া প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে রেড ক্রিসেন্ট ফি হিসেবে ২৪ টাকা এবং বার্ষিক ক্রীড়া মঞ্জুরি বাবদ ৪০০ টাকা সংগ্রহ করে বোর্ডে পাঠাতে হবে।
নতুন শিক্ষাবর্ষে প্রাথমিক নিশ্চায়নের জন্য বোর্ডের নির্ধারিত ফিও গত বছরের তুলনায় ৫ টাকা বেড়েছে। গত বছর এ খাতে ৩৩৫ টাকা নেওয়া হলেও এবার বিভিন্ন ফি মিলিয়ে দিতে হবে ৩৪০ টাকা।
ফলে একাদশ শ্রেণিতে ভর্তির সময় কলেজের ভর্তি ও সেশন ফি ছাড়াও অনলাইন আবেদন, প্রাথমিক নিশ্চায়ন এবং অন্যান্য নির্ধারিত খাতে আলাদা অর্থ পরিশোধ করতে হবে।