এই খবরটি পডকাস্টে শুনুনঃ
লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ভোরে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। ফিফার চলতি আন্তর্জাতিক বিরতিতে দুদলই নিজের প্রথম ম্যাচে জিতেছে। ব্রাজিল হারিয়েছে কলম্বিয়াকে, আর্জেন্টিনা হারিয়েছে উরুগুয়ে।
বাংলাদেশ সময় ভোর ছয়টায় ঘরের মাঠে ব্রাজিলকে আতিথ্য দেবে আর্জেন্টিনা। উভয় দলের একাদশে রয়েছে বেশ কয়েকটি চোটের ধাক্কা, পাশাপাশি হলুদ কার্ড ও লাল কার্ডের কারণেও থাকছেন না কয়েকজন। ব্রাজিল-আর্জেন্টিনার শুরুর একাদশে পরিবর্তন তাই অনেকটা নিশ্চিত।
;
লিওনেল মেসি, জিওভানি লো সেলেসো, পাওলো দিবালারা প্রাথমিক দল থেকে ছিটকে গেছেন চোটে, উরুগুয়ে ম্যাচে লাল কার্ড দেখায় এ ম্যাচে খেলা হচ্ছে না নিকো গঞ্জালেসের। অন্যদিকে ব্রাজিলের প্রাথমিক দল থেকে আগেই ছিটকে গেছেন নেইমার ও গোলরক্ষক এডেরসনের মতো তারকারা। কলম্বিয়া ম্যাচে চোট পেয়ে অ্যালিসন বেকার ও গারসনের খেলা হচ্ছে না। এছাড়া দুই ম্যাচে হলুদ কার্ডের কারণে আর্জেন্টিনার বিপক্ষে নামা হবে না গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস ও ব্রুনো গুইমারায়েসের।
বিশ্বকাপের বাছাইপর্বে অনেকটা নির্ভার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে ড্র করলেই পেয়ে যাবে আগামী বিশ্বআসরে খেলার টিকিট। তবে ব্রাজিলের পথটা এখনও মসৃণ হয়নি। সেই পথে এগিয়ে যেতে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামার আগে খানিকটা হুমকি দিয়ে রেখেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা।
ব্রাজিল কিংবদন্তি রোমারিওর সাথে আলাপে রাফিনহা বলেছেন, ‘আমরা তাদের হারাব, অবশ্যই! কোনো সন্দেহ নেই, মাঠে হোক বা মাঠের বাইরে। আমি আর্জেন্টিনার বিপক্ষে গোল করতে চলেছি। আমাদের যা কিছু আছে সেগুলো নিয়ে নামব।’
রাফিনহার এমন মন্তব্যের পর স্থানীয় সংবাদমাধ্যমে এটিকে হুমকি হিসেবে লেখা হয়েছে। ম্যাচের আগে এটি নিয়ে প্রশ্ন যায় আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির দিকেও। তিনি আর উস্কে দেননি।
বলেছেন, ‘আমরা মাঠের যোদ্ধা, মাঠের বাইরে বন্ধু। একজন খেলোয়াড়ের বক্তব্যের খুব গভীরে আমি যেতে চাই না, তবে এমন বক্তব্য সম্পর্কে আমি অবগত। আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ, কিন্তু এটি ফুটবল ম্যাচ। তার বেশিতে যাওয়ার দরকার নেই।’
দুদলের সাম্প্রতিক পরিসংখ্যানটা অবশ্য আর্জেন্টিনার পক্ষে কথা বলছে। বিশ্বচ্যাম্পিয়ন আলবিসেলেস্তের বিপক্ষে সর্বশেষ চার ম্যাচের মধ্যে কোনোটিতে জেতেনি ব্রাজিল। ৩টিতে হেরেছে, ড্র হয়েছে একটিতে। ২০১৯ সালের জুলাইয়ে সর্বশেষ আর্জেন্টিনাকে হারাতে পেরেছে ব্রাজিল।
লাতিন অঞ্চলের বাছাইয়ে শীর্ষে আর্জেন্টিনা। ১৩ ম্যাচ খেলা আলবিসেলেস্তেদের পয়েন্ট ২৮, দুইয়ে আছে ইকুয়েডর, পয়েন্ট ২২ এবং তিনে ব্রাজিলের পয়েন্ট ২১।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফের্নান্দেজ, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়েগো আলমাদা ও জুলিয়ান আলভারেজ।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ: বেন্টো, ওয়েসলি, মার্কিনহোস, মুরিলো, গুইলের্মে অ্যারানা, আন্দ্রে, জোয়েলিন্টন, রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, ম্যাথিউস কুনহা।