ব্যাটিং ব্যর্থতায় ২৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের | চ্যানেল আই অনলাইন

ব্যাটিং ব্যর্থতায় ২৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের | চ্যানেল আই অনলাইন

নিয়ন্ত্রিত বোলিংয়ে আড়াইশো রানের আগেই নিউজিল্যান্ডকে আটকে ফেলেছিলেন শরিফুল-তাসকিনরা। বোলাররা কাজটা ঠিকঠাক করলেও ব্যাটাররা ব্যর্থ হলেন লক্ষ্যে পৌঁছাতে। সাইফ হাসান ও তাওহীদ হৃদয় ফিফটি করে হার এড়াতে পারেননি। ২৬ রানে কিউইদের বিপক্ষে হার বাংলাদেশের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটি জিতে ১-০তে এগিয়ে গেল সফরকারী দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে নিউজিল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রানের সংগ্রহ গড়েছে তারা। জবাবে নেমে ৪৮.৩ ওভারে ২২১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

রানতাড়ায় নেমে ভালো শুরু করেছিলেন সাইফ হাসান ও তানজিদ তামিম। তবে জুটি বড় করতে পারেননি। ৩.১ ওভারে দলীয় ২১ রানে তানজিদ আউট হন। ৬ বলে ২ রান করেন। পরের বলেই বোল্ড হয়ে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে ৯৩ রান যোগ করেন সাইফ ও লিটন দাস।

২২.৩ ওভারে দলীয় ১১৪ রানে সাইফ আউট হন। ৮ চার ও ১ ছক্কায় ৭৬ বলে ৫৭ রান করেন। ১৩২ রানে চতুর্থ উইকেট হারায় স্বাগতিক দল। লিটন দাস আউট হন ৩ চারে ৬৮ বলে ৪৬ রান করে। পঞ্চম উইকেটে তাওহীদ হৃদয় ও আফিফ মিলে যোগ করেন ৫২ রান।

৪০.৩ ওভারে ১৮৪ রানে আফিফ ফিরে যান। ৪৯ বলে ২৭ রান করেন। ৪৩.৪ ওভারে ১৯৫ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। ১৪ বলে ৬ রান করে আউট হন মেহেদী হাসান মিরাজ। এরপর দ্রুতই ফিরে যান রিশাদ হোসেন (৪), শরিফুল ইসলাম (০) ও তাসকিন আহমেদ (২)। দলীয় ২১৪ রানে নবম উইকেট হারানোর পর ফিফটি করেন হৃদয়। ৫৮ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে ছিল ২টি করে চার ও ছক্কার মার। পরের বলেই ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। ৫৯ বলে ৫৫ রান করেন।

কিউই বোলারদের মধ্যে ব্লায়ার টিকনার ৪ উইকেট নেন। নাথান স্মিথ নেন দুই উইকেট।

এর আগে ব্যাটে নেমে দেখেশুনে ইনিংস শুরু করেন দুই ওপেনার নিক কেলি ও হেনরি নিকোলস। বাংলাদেশ প্রথম সাফল্য পায় সপ্তম ওভারে। দলীয় ২১ রানে কেলিকে ফেরান শরিফুল ইসলাম। ২৩ বলে ৭ রান করেন কেলি। দ্বিতীয় উইকেটে নিকোলস ও উইল ইয়াং যোগ করেন ৭৩ রান।

২১.১ ওভারে ৯৪ রানের সময় ইয়াংকে ফেরান রিশাদ হোসেন। তানজিদ তামিমের হাতে ক্যাচ দিয়ে ইয়াং আউট হন ৪২ বলে ৩০ রানে। ছিল দুটি চারের মার। ২৬.৩ ওভারে ১২৭ রানে তৃতীয় সাফল্যের দেখা পায় বাংলাদেশ। ১৫ বলে ১৪ রান করা টম ল্যাথামকে ফেরান মেহেদী হাসান মিরাজ।

পরের ওভারে হেনরি নিকোলসকে থামান রিশাদ। কিউই ওপেনার ৯ চারে ৮৩ বলে ৬৮ রান করে যান। ১৬৫ রানে পঞ্চম উইকেট হারায় সফরকারীরা। মোহাম্মদ আব্বাসকে ফেরান শরিফুল। ৩০ বলে ১৪ রান করেন আব্বাস।

১৯২ রানে ষষ্ঠ সাফল্য পায় বাংলাদেশ। জশ ক্লার্কসনকে বোল্ড করেন তাসকিন। ১৬ বলে ৮ রান করেন জশ। পরে ডিন ফক্সক্রফটকে থামান নাহিদ রানা, ৮ চারে ৫৮ বলে ৫৯ রান করা তারকাকে বোল্ড করেন তিনি।

২৪০ রানে অষ্টম উইকেট হারায় নিউজিল্যান্ড। ১০ বলে ৭ রান করা ব্লেয়ার টিকনারকে ফেরান তাসকিন। নাথান স্মিথ ও জেডিন লেনক্স ইনিংস শেষ করেন। স্মিথ ২২ বলে ২০ রান ও জেডিন ১ রানে অপরাজিত থাকেন।

তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন দুটি করে উইকেট নেন। মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা নেন একটি করে উইকেট।

Scroll to Top