বৈশ্বিক চক্ষু সম্মেলনে যাবেন প্রধানমন্ত্রী, ১০ লাখ ছানি অপারেশন পরিকল্পনা | চ্যানেল আই অনলাইন

বৈশ্বিক চক্ষু সম্মেলনে যাবেন প্রধানমন্ত্রী, ১০ লাখ ছানি অপারেশন পরিকল্পনা | চ্যানেল আই অনলাইন

প্রধানমন্ত্রী তারেক রহমান চক্ষু স্বাস্থ্য উন্নয়নবিষয়ক বৈশ্বিক সম্মেলনে অংশ নেবেন। আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে বাংলাদেশ সহ-আয়োজক হিসেবে থাকবে। একই সঙ্গে সারাদেশে জাতীয় চক্ষু উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং পর্যায়ক্রমে ১০ লাখ মানুষের ছানি অপারেশন করে বিনামূল্যে লেন্স সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার।

আজ (৬ জুলাই) সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আন্তর্জাতিক অন্ধত্ব প্রতিরোধ সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। সাক্ষাতে দেশে চক্ষু স্বাস্থ্যসেবার উন্নয়ন, অন্ধত্ব প্রতিরোধ, দৃষ্টিপ্রতিবন্ধিতা হ্রাস এবং এ খাতে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, বৈঠকে জাতীয় পর্যায়ে চক্ষু স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে। এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত উপস্থিত ছিলেন।

পরে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, সারাদেশে জাতীয় চক্ষু উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় পর্যায়ক্রমে ১০ লাখ মানুষের ছানি অপারেশন করা হবে এবং অপারেশনের পর প্রয়োজনীয় লেন্স বিনামূল্যে দেওয়া হবে।

তিনি আরও জানান, আগামী নভেম্বরে চক্ষু স্বাস্থ্য উন্নয়ন বিষয়ে একটি বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক প্রতিনিধিরা অংশ নেবেন। বাংলাদেশ এ সম্মেলনের সহ-আয়োজক হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এতে অংশগ্রহণ করবেন।

পিটার হল্যান্ড বাংলাদেশে চক্ষু স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারের উদ্যোগের প্রশংসা করেন এবং এ খাতে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

Scroll to Top