এই খবরটি পডকাস্টে শুনুনঃ
চলতি বিপিএলে সবচেয়ে বড় বিতর্ক ক্রিকেটারদের পারিশ্রমিক না দেয়া। সেই সঙ্গে ফিক্সিংয়ের অভিযোগও উঠেছে কয়েকজন ক্রিকেটারের বিপক্ষে। বিতর্কিত নানা কাণ্ড নিয়ে এবার কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
শনিবার সন্ধ্যায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বিতর্কিত বিষয়গুলো নিয়ে বৈঠক করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে। পরে সংবাদমাধ্যমে কথা বলেন।
ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার বিষয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমরা আজকে রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন। পরবর্তীতে যদি না করেন তাহলে কথা বলার মত থাকবে না। আমরা আইনি ব্যবস্থা নিব। আমি স্পষ্টভাবে বলেছি যে আপনারা এটা যদি পে করতে ব্যর্থ হন আমাদের আইনি প্রক্রিয়ায় যেতে হবে।’
তাছাড়া বিপিএল আয়োজনে কোনো অবহেলা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে একটা সত্যান্বেষী কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

ফিক্সিং ইস্যুতে তদন্তে সরকারি সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। বলেছেন, ‘এনএসসি থেকে একটা সত্য অনুসন্ধান কমিটি করে দেয়া হয়েছে। এবং ফিক্সিংয়ের যে অভিযোগটা এসেছে সেটার ভিত্তিতে বিসিবি একটি স্বাধীন স্বতন্ত্র কমিটি গঠন করবে সেটার অনুসন্ধান করার জন্য। এবং সরকারের পক্ষ থেকে যা সহযোগিতা করা যায় আমরা বিসিবিকে করব। যত দ্রুত এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেগুলো ঘটেছে সেগুলোর অ্যাড্রেস করছি।’




