বিশ্বকাপে আলজেরিয়া বিপক্ষে হ্যাটট্রিকের পর অস্ট্রিয়া ম্যাচে একাই আলো কেড়ে নিয়েছেন লিওনেল মেসি। জোড়া গোল করে দলের নকআউটপর্ব নিশ্চিত করেছেন। অবশ্য এ ম্যাচেও হ্যাটট্রিকের সুযোগ ছিল আর্জেন্টাইন কিংবদন্তির, যদি ম্যাচের অষ্টম মিনিটে পেনাল্টি মিস না করতেন। তবে মেসি বললেন, পেনাল্টিতে গোল করলে হয়তো এ দুটি গোল পেতেন না তিনি।
অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। দুটি গোলই করেছেন মেসি। প্রথম গোলটি করে ভেঙেছেন মিরোস্লাভ ক্লোসার করা ১৬ গোলের রেকর্ড। দ্বিতীয় গোলটি করে বাড়িয়ে নিয়েছেন গোল সংখ্যা। বিশ্বকাপে তার মোট গোলের সংখ্যা ১৮।
পেনাল্টি মিস করাতে খানিকটা বিরক্ত হয়েছিলেন মেসি। পরে অবশ্য দুই গোল করে সে আক্ষেপ মিটিয়ে দিয়েছেন তিনি। ম্যাচ শেষে বলেছেন, ‘পেনাল্টিটা মিস করার পর কিছুক্ষণ আমি ভীষণ বিরক্ত ছিলাম। কিন্তু পরে সেটা পুষিয়ে নিতে পেরেছি।’
‘আমি এই মুহূর্তটা উপভোগ করছি এবং দেখছি আমরা একসাথে কতদূর যেতে পারি। আজ পেনাল্টিটা পেয়েছিলাম, কিন্তু ওটা গোলে পরিণত হলে হয়তো আমি অন্য গোলগুলো করতে পারতাম না।’
জয়ে বেশ খুশি আর্জেন্টিনা অধিনায়ক। বলেছেন, ‘সত্যি বলতে, এই জয়ে খুবই খুশি, বিশেষ করে যেহেতু এটি গুরুত্বপূর্ণ জয়, যা কঠিন লড়াইয়ের পর পেয়েছি। এটি ভবিষ্যতের জন্য মানসিক শান্তি দেবে। এটা বিশ্বকাপ, ম্যাচটি ছিল খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আমরা ছয় পয়েন্ট পেয়ে পরবর্তী পর্বের জন্য যোগ্যতা অর্জন করতে পেরে আনন্দিত।’



