বিসিবি নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে চলেছেন ৬ জন। মনোনয়ন যাচাই-বাছাই শেষে ক্যাটাগরি-১ অর্থাৎ আঞ্চলিক ও জেলা সংস্থা ক্যাটাগরি থেকে ঢাকা, রাজশাহী, সিলেট এবং রংপুর বিভাগের পরিচালক নির্ধারিত হয়ে গেছে। পাশাপাশি ক্যাটাগরি-৩ অর্থাৎ বিশেষ সংস্থা এবং সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকেও।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে ১ জন করে পরিচালক নির্বাচিত হবেন। এই ৩ বিভাগ থেকে মনোনয়ন দাখিল করেছেন ১ জন করে। ঢাকা বিভাগ থেকে ২ জনের বিপরীতে ৩ জন মনোনয়ন দাখিল করলেও বাদ পড়েছেন একজন। ফলে ঢাকা বিভাগের দুই পরিচালকও নির্ধারিত হয়ে গেছে। তবে বাদ পড়া প্রার্থী আপিল করে মনোনয়ন ফিরে পেলে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে।
এছাড়া বিশেষ সংস্থা এবং সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকেও একজন পরিচালকের বিপরীতে মনোনয়ন দাখিল করেছেন একজন। যাচাই-বাছাই পার করে যাওয়ায় এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা।
নির্বাচিতরা হলেন- সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরি, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মীর শাকরুল আলম সীমান্ত, ঠাঁকুরগাও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সল আমীন।
ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন- সাইদ বিন জামান এবং এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ। যাচাই-বাছাইয়ে বাতিল পড়েছে জসিম উদ্দিন খান খসরুর মনোনয়ন। তিনি গোপালগঞ্জ ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর মনোনয়ন পেয়েছিলেন।
শনিবার বিসিবি নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাই শেষে তালিকা প্রকাশ করেছে বিসিবি। দাখিল করা ৩৩ মনোনয়নের ১টি বাদে বৈধ হিসেবে গৃহীত হয়েছে।
ক্যাটাগরি-১ অর্থাৎ আঞ্চলিক ও জেলা সংস্থা ক্যাটাগরিতে চট্টগ্রাম বিভাগ থেকে মনোনয়ন বৈধ হয়েছে ৩ জনের- মিনহাজুল আবেদীন নান্নু, মইন উদ্দিন চৌধুরি, শরিফুল ইসলাম। এই বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হবেন ২ জন।
খুলনা বিভাগ থেকে নির্বাচনে লড়বেন শফিকুল আলম, শান্তনু ইসলাম এবং আব্দুস সালাম। এই বিভাগ থেকে নির্বাচিত হবেন ২ জন। বরিশাল থেকে নির্বাচনে লড়বেন ২ জন- মিজানুর রহমান, মুনতাসির আলম চৌধুরি, নির্বাচিত হবেন ১ জন।
ক্যাটাগরি-৩ থেকে একাই মনোনয়ন দাখিল এবং বৈধতা নিয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোঃ আলমগীর।
অন্যান্য ক্যাটাগরিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেও ক্লাব ক্যাটাগরিতে নির্বাচন জমজমাট। ১২ পদের বিপরীতে লড়বেন ১৮ কাউন্সিলর। তাদের মধ্যে অন্যতম হলেন- তামিম ইকবাল, ফাহিম সিনহা, সাইদ ইব্রাহিম আহমেদ, ইশরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, মির্জা ইয়াসির আব্বাস এবং মোহাম্মদ আমজাদ হোসেনরা।
আগামী ২৪মে একই দিনে বাছাইকৃত মনোনয়ন তালিকার ওপর আপত্তি গ্রহণ এবং শুনানি অনুষ্ঠিত হবে। ২৫মে সকাল দশটা থেকে ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা। সেদিনই দুপুর ২টায় চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
২৫ মে পোস্টাল ব্যালট বা ই-ব্যালটের আবেদন করতে হবে। এই ব্যালট পাঠানোর প্রক্রিয়া শেষে আগামী ৭ জুন বোর্ড রুমে অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালক এবং সভাপতি ও সহ-সভাপতি পদের নির্বাচন। ফলাফল ঘোষণাও হবে একইদিনে।
প্রতিবারের ন্যায় এবারও ২৫ জনের বিপরীতে ৩ ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হবে। ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা-বিভাগ ক্যাটাগরি থেকে ১০ জন। ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ১২ জন। সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ১ জন। এছাড়া বাকি দুজন পরিচালক মনোনীত হবেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে।






