বিসিবি নির্বাচনকে সামনে রেখে গঠিত কমিশন জানিয়েছিল, ক্যাটাগরি ৩ থেকে একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং তিনি সেটি জমাও দিয়েছেন। গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিসহ দেয়া স্ট্যাটাসে ক্যাটাগরি-৩ থেকে মনোনয়নপত্র কেনার ব্যাপারটি নিশ্চিত করেন সাবেক ক্রিকেটার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তার বিসিবি পরিচালক হওয়ার সম্ভাবনা জাগলেও এবার জানা গেল ভিন্ন তথ্য। ক্যাটাগরি-৩ তে একমাত্র প্রার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল বলে মেনে নিয়েছেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মোহাম্মদ তাহেরুল হক চৌহান।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিষয়টি খোলাসা করেছেন তাহেরুল হক চৌহান। তিনি জানান, শাহরিয়ার হোসেন বিদ্যুতের ফর্ম তুললেও পরে ফেরত দেন। এমনকি বিদ্যুৎ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলেও জানান তিনি।
তাহেরুল হক বলেন, ‘তিনি ফর্ম তুলেছিলেন। তবে গঠনতন্ত্র পর্যালোচনা করে আমরা দেখেছি, তিনি ক্যাটাগরি-৩ এ নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য নন। তিনি খেলোয়াড় কল্যাণ সংস্থার একজন প্রতিনিধি। এ কারণে কাউন্সিলর হিসেবে থাকতে পারলেও পরিচালক পদে নির্বাচন করার যোগ্যতা তার নেই। গঠনতন্ত্র অনুযায়ী তিনি এই ক্যাটাগরিতে নির্বাচনে অংশ নিতে পারবেন না।’
তিনি আরও বলেন, ‘হ্যাঁ, এখানে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল। তিনিও শুরুতে বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারেননি। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি নিজেই ফর্ম ফেরত দিয়েছেন।’
এদিকে ক্যাটাগরি-৩ থেকে ফর্ম জমা দিয়েছেন কেবল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর হিসেবে মনোনয়ন প্রাপ্ত সিরাজউদ্দিন। তবুও আইনি কারণে এখনই তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলার অবকাশ নেই। কারণ তার মনোনয়নপত্র নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করলেই এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া সম্ভব। এছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ সকল পরিচালক পদপ্রার্থীর রয়েছে। তাই আলমগীরকে নিয়ে সরাসরি ঘোষণা দিতে নারাজ কমিশন। তার প্রার্থীতা বৈধ হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হবেন তিনি।
সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর এর আগেও বোর্ডে ছিলেন। বাংলাদেশের ক্রিকেট ও ক্রীড়াঙ্গনে তিনি বেশ পরিচিত মুখ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর হলেও তিনি বিভিন্ন সময় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, ক্রিকেট বোর্ডের দায়িত্বেও ছিলেন।




