এ সময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা অনেক সময় দেখি, বিএনপির অমুক কর্মী অমুক ইউনিয়নের অমুক উপজেলার অমুক ওয়ার্ডে একজনকে চড় মেরেছে। সেটা হেডলাইন নিউজ হয়ে যায়। কিন্তু ২২ লাখ ছাত্র–ছাত্রী প্রাইমারি স্কুলের ফুটবল খেলে একটি বিশাল প্রতিযোগিতা হচ্ছে। সেটা কিন্তু কয়েকজনের পত্রিকায় ছাড়া দেখা যায় না।’
গণমাধ্যম আর সাংবাদকর্মীদের উদ্দেশে সরকারের ভালো দিকগুলো তুলে ধরার আহ্বান জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, তখন জনগণ বুঝতে পারবে, ফ্যাসিজমের বাইরে যাঁরা আছেন, তাঁরাও ভালো কাজ করতে পারেন। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরও দায়িত্ব আছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘অনেক ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মালিকেরা আছেন, যাঁরা বিগত সরকারের সংসদ সদস্য, মন্ত্রী ছিলেন। কাজেই সেইসব ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইরা যদি সরকারের ভালো দিক, ভালো কথা উল্লেখ করে তুলে ধরেন, সেটাই হবে সাহসী সাংবাদিকতা।’



