বাংলাদেশে বসছে এশিয়ান কারাতের বড় আসর | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশে বসছে এশিয়ান কারাতের বড় আসর | চ্যানেল আই অনলাইন

শনিবার থেকে শুরু হচ্ছে দশম ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১ এবং সিনিয়র সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা। একই সাথে হবে দ্বিতীয় অনূর্ধ্ব-১৪ সাউথ এশিয়া কারাতে কাপ প্রতিযোগিতা। তার আগে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে রেফারি কোর্স ও লাইসেন্সিং পরীক্ষা। বুধবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ কারাতে ফেডারেশন।

এবারের সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতায় ৬ দেশ অংশ নেবে। দেশগুলো- ভারত, পাকিস্থান, নেপাল, ভূটান, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশ। আসরে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৫৬৫ জন খেলোয়াড় অংশ নেবেন। দশম ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১ এবং সিনিয়র সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতায় ৬৩টি স্বর্ণ এবং দ্বিতীয় অনূর্ধ্ব-১৪ প্রতিযোগিতায় ৩০টি স্বর্ণসহ সর্বমোট ৯৩টি স্বর্ণের মেডেল জয়ের জন্য লড়াই হবে।

সাউথ এশিয়ান কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামে বসবে আসর। খেলা চলবে দুদিন ব্যাপী। বৃহস্পতিবার ঢাকার পার্বত্য কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে দুদিন ব্যাপী রেফারি ও কোচেস লাইসেন্সিং পরীক্ষা। বাংলাদেশসহ সাউথ এশিয়া ও এশিয়ার বিভিন্ন দেশের ১৫০ জনের অধিক রেফারি ও কোচ পরীক্ষায় অংশ নেবেন।

বুধবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটরিয়ামে আয়োজিত হয় সংবাদ সম্মেলন।

Scroll to Top