বাংলাদেশসহ ৫০ দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড নীতি স্থায়ী হচ্ছে – DesheBideshe

বাংলাদেশসহ ৫০ দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড নীতি স্থায়ী হচ্ছে – DesheBideshe


বাংলাদেশসহ ৫০ দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড নীতি স্থায়ী হচ্ছে – DesheBideshe

ওয়াশিংটন, ১ আগস্ট – বাংলাদেশসহ বিশ্বের ৫০টি দেশের নাগরিকদের জন্য ব্যবসায়িক ও পর্যটন ভিসার বিপরীতে ২০ হাজার ডলার পর্যন্ত স্থায়ী জামানত বা ভিসা বন্ড নেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। সম্প্রতি মার্কিন ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এই নিয়মটি মূলত বি-১ এবং বি-২ শ্রেণির ভিসার আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো কনস্যুলার কর্মকর্তা যদি প্রয়োজন মনে করেন, তবে ভিসা প্রদানের শর্ত হিসেবে আবেদনকারীর কাছ থেকে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত জামানত দাবি করতে পারবেন।

এর আগে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এই কর্মসূচিতে জামানতের সীমা ছিল ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত। তবে নতুন বিধিমালায় সর্বনিম্ন ৫ হাজার ডলারের বিকল্পটি বাদ দিয়ে সর্বোচ্চ সীমাকে ২০ হাজার ডলারে উন্নীত করা হয়েছে। নতুন এই বিধিমালা আগামী ৩ আগস্ট ফেডারেল রেজিস্টারে প্রকাশের মাধ্যমে কার্যকর হতে যাচ্ছে।

এই তালিকার আওতায় থাকা ৫০টি দেশের মধ্যে দক্ষিণ এশিয়া থেকে রয়েছে বাংলাদেশ, নেপাল ও ভুটান। এছাড়া তালিকার অন্তত ৩০টি দেশই আফ্রিকার। মার্কিন প্রশাসনের দাবি, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করার প্রবণতা রোধ করতেই এই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তবে এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন অভিবাসন অধিকারকর্মীরা। তাদের মতে, এমন নীতি বৈধ পথে যুক্তরাষ্ট্রে ভ্রমণকে নিরুৎসাহিত করবে।

এছাড়া এটি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অংশ যা জাতিগত সংখ্যালঘুদের প্রতি বৈষম্য তৈরি করতে পারে বলে তারা মনে করেন। প্রশাসনের পক্ষ থেকে জাতীয় নিরাপত্তা এবং অবৈধ অভিবাসন ঠেকানোর যুক্তি দেওয়া হলেও সমালোচকরা একে মুক্ত চলাচলের পথে বড় বাধা হিসেবে দেখছেন।

এস এম/ ১ আগস্ট ২০২৬



Scroll to Top