বঙ্গভবনে যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর – DesheBideshe



ঢাকা, ২৩ আগস্ট – দেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার বঙ্গভবনে যাচ্ছেন। সেখানে তাকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করবে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, রাজধানীর মিন্টো রোডের বাসভবন থেকে সকাল ১১টায় বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।

দীর্ঘ ৩৫ বছর পর গত ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের ভোট গণনা শেষে ওইদিন বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেন।

এর আগে শনিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। সকাল সাড়ে ১০টার দিকে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেন।

রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

এনএন/ ২৩ আগস্ট ২০২৬



Scroll to Top