বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ! | চ্যানেল আই অনলাইন

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেল সদৃশ একটি বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কে বা কারা জড়িত, তা এখনও শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১১টার মধ্যে আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এই বিস্ফোরণ ঘটে। ঘটনার পর বরিশাল মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। তারা বিস্ফোরণের স্থান থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ আদালত চত্বরে বিকট শব্দ শোনা যায়। প্রথমে অনেকে ধারণা করেন, বৈদ্যুতিক ট্রান্সফরমার কিংবা কোনো গাড়ির টায়ার বিস্ফোরিত হয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে তারা বুঝতে পারেন, আদালতে প্রবেশের গেটের বাম পাশে ককটেল সদৃশ কোনো বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলেন। পরে পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

Scroll to Top