ফিফা আর্জেন্টিনাকে সুবিধা দেয়— শুনে যা বললেন স্কালোনি | চ্যানেল আই অনলাইন

ফিফা আর্জেন্টিনাকে সুবিধা দেয়— শুনে যা বললেন স্কালোনি | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপে শনিবার ভোরে কেপ ভার্দের বিপক্ষে শেষ বত্রিশে নামবে আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়নদের নকআউট পর্ব শুরু এখানে থেকে। দলটিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে, তাদের নাকি বাড়তি সুবিধা দেয় ফিফা। বিষয়টি এবার উঠে এলো আর্জেন্টিনার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও। কোচ লিওনেল স্কালোনি অবশ্য ধীরস্থির জবাবই দিয়েছেন স্বাভাবিক ভঙ্গিতে।

কেপ ভার্দের বিপক্ষে সেরা ষোলোর টিকিট খোঁজার ম্যাচে নামবে আলবিসেলেস্তেরা। তাদের মনোযোগ কেন্দ্রীভূত শিরোপা ধরে রাখার মিশনে। সেখানে ম্যাচের আগে স্কালোনিকে দলের অবস্থার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের রসালো আলোচনা নিয়েও বলতে হচ্ছে। প্রশ্ন একটি এমন আসে যে, ফিফা রেফারির সিদ্ধান্ত এবং টুর্নামেন্টের ব্র্যাকেট ড্রয়ের মাধ্যমে তার দলকে সুবিধা দিয়েছে।

স্কালোনির শান্তভাবে দেয়া জবাব ছিল এমন, তিনি এধরনের আলোচনায় কোন মনোযোগ দেন না। বলেছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম পড়ি না। ব্যাপারটা খুবই সহজ। আজকাল সমস্যা হল, অনেকেই সম্পূর্ণ ভিত্তিহীন একটি মন্তব্য করে বসেন। কিন্তু কোন ছোটখাটো ঘটনার কারণে পরিস্থিতি হঠাৎ করেই অনেক বড় আকার ধারণ করে। আমার মনে হয়, এসব থেকে নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন রাখা উচিত।’

স্কালোনি স্পষ্ট করে দিয়েছেন, তার দল বিশ্বকাপে পুরোপুরি মনোনিবেশ করেছে এবং টুর্নামেন্ট ঘিরে থাকা গুজব ও অভিযোগে মনোযোগ হারানোর কোন ইচ্ছে তাদের নেই।

Scroll to Top