লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফাইনালে গল গ্যালান্টসের বিপক্ষে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়। আগে ব্যাট করতে নেমে ৩৬ বল বাকি থাকতেই সবগুলো উইকেট হারিয়ে ১২৩ রানে থামে জাফনা কিংস। দলের হয়ে হৃদয় ১০ বলে ১০ এবং সাকিব ১৩ বলে করেন ৯ রান।
রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে শুক্রবার টস জিতে ব্যাটিংয়ে নামে জাফনা। দুই ওপেনার আভিষকা ফার্নান্দো ও কামিল মিশারা মিলে গড়েন ২৫ রানের উদ্বোধনী জুটি। ১৬ বলে ২০ রান করে ফেরেন ফার্নান্দো। এরপর তিন নম্বরে নেমে খাজা নাফে কোনো রান না করেই বিদায় নেন।
চারে নেমে মিশারার সঙ্গে জুটি গড়েন হৃদয়। শুরুটা ভালোই করেছিলেন বাংলাদেশের এ ব্যাটার। একটি চারও মারেন তিনি। তবে ১০ বলে ১০ রান করে সীমানায় ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন হৃদয়।
পাঁচে নামা ভানুকা রাজাপাকসেও বেশিক্ষণ টিকতে পারেননি। চারিথ আসালাঙ্কার ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ হয়ে ৬ বলে ৩ রান করেন তিনি। একপ্রান্ত আগলে রাখা মিশারাকে সঙ্গ দিতে পারেননি দুনিথ ভেল্লালাগে। ৮ বলে ৩ রান করে ফেরেন তিনি।
এরপর ক্রিজে আসেন সাকিব। তবে অভিজ্ঞ এই অলরাউন্ডারও দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেননি। মিশারার সঙ্গে কিছুক্ষণ জুটি গড়লেও ১৩ বলে ৯ রান করে আউট হন সাকিব। মিশারাও ফিফটির দেখা পাননি। ৩২ বলে ৪১ রান করে থামেন তিনি।
শেষদিকে চামিন্দু বিক্রমাসিংহের ১৬ বলে ২৪ রানের কার্যকরী ইনিংসে কিছুটা লড়াইয়ের পুঁজি পায় জাফনা। তবে শেষ পর্যন্ত ৩৬ বল বাকি থাকতেই ১২৩ রানে অলআউট হয় তারা।
গলের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন ইশান মালিঙ্গা ও চারিথ আসালাঙ্কা। ২ উইকেট তুলেছেন থারিন্ডু রাথনায়েকে। ১টি করে উইকেট নেন সাচিন্দু কলম্বাগে ও আকিফ জাভেদ।




