
চট্টগ্রাম, ৯ জুলাই – চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় দেরিতে পৌঁছানোর অভিযোগ তুলে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা ও ভাঙচুরের চেষ্টা চালিয়েছেন বিক্ষুব্ধ ব্যবসায়ী ও স্থানীয়রা। এই সময় ফায়ার সার্ভিসের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপসহ কর্মীদের মারধরেরও চেষ্টা করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার হেঁয়াকো বাজারের একটি শপিং মলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে বাজারের ওই শপিং মলে হঠাৎ আগুন লাগলে পাঁচটি দোকানের গুদাম পুড়ে যায়। ব্যবসায়ীদের ধারণা, একটি স্বর্ণের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিজস্ব প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ফটিকছড়ি ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল উদ্দীন চৌধুরী জানান, দুপুর ২টা ৫০ মিনিটে খবর পাওয়ার পর তাদের একটি ইউনিট রওনা দেয়। তবে স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার হওয়ায় পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। তারা পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে বিক্ষুব্ধ জনতা দেরিতে আসার অভিযোগ তুলে কর্মীদের ওপর হামলা চালায় এবং গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত করে।
এদিকে ফায়ার সার্ভিসের সেবার মান উন্নয়ন এবং দ্রুত সাড়া দেওয়ার দাবিতে বাজারের মূল সড়কে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
অন্যদিকে চট্টগ্রামের চকবাজার এলাকায় একাধিক বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। চন্দনপুরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এনএন/ ৯ জুলাই ২০২৬






