প্রায় ৮ কোটি ভোটে আবেগাপ্লুত মাহি, পুয়ের্তো রিকোতে বাংলাদেশের প্রতিনিধি

মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। দেশের বাইরে থেকেও যে লাখো মানুষের ভালোবাসা ও সমর্থন তার সঙ্গে রয়েছে, তা নতুন করে উপলব্ধি করলেন এই প্রতিযোগী।

নায়িকা মাহি

প্রিলিমিনারি রাউন্ড শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। জানিয়েছেন, প্রায় ৮ কোটি ভোটের সমর্থন তাকে আবেগাপ্লুত করেছে।

ফেসবুক পোস্টে মাহি লিখেছেন, ‘প্রায় ৮ কোটি ভোটের এই অভাবনীয় সমর্থন শুধু একটি সংখ্যা নয়, এটি আমার প্রতি আপনাদের ভালোবাসা, বিশ্বাস এবং বাংলাদেশের মানুষের এক বিশাল আবেগের প্রতিফলন।’

দেশ থেকে হাজার মাইল দূরে থাকলেও প্রতিটি মুহূর্তে দেশের মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন অনুভব করছেন বলে জানান মাহি। তার ভাষায়, এই যাত্রায় তিনি একা এলেও প্রতিটি মুহূর্তে অনুভব করেছেন, তার সঙ্গে রয়েছে পুরো বাংলাদেশ। মানুষের প্রতিটি ভোট, বার্তা ও দোয়া তাকে আরও সাহসী করেছে।

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নাম গর্বের সঙ্গে তুলে ধরতে চান জানিয়ে মাহি আরও লিখেছেন, ‘আমি জানি, আপনারা আমাকে নিয়ে কতটা স্বপ্ন দেখছেন। আমিও মন থেকে চাই আপনাদের ভালোবাসা ও বিশ্বাসের মর্যাদা রাখতে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নাম গর্বের সঙ্গে তুলে ধরতে।’

পোস্টের শেষাংশে দেশের মানুষের প্রতি ভালোবাসা জানিয়ে মাহি লিখেছেন, ‘ভালোবাসি বাংলাদেশ। ভালোবাসি আমার দেশের মানুষকে। তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি।’

এবারের মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি হওয়ার গল্পটিও মাহির জন্য বেশ নাটকীয়। গত ৭ নভেম্বর মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট জেতেন তিনি। এরপর মাত্র একদিনের প্রস্তুতি নিয়ে ৮ নভেম্বর পুয়ের্তো রিকোর উদ্দেশ্যে দেশ ছাড়েন। আগামীকাল (২৪ নভেম্বর) অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের চূড়ান্ত আয়োজন।

মডেলিং দিয়ে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু মাহির। তার প্রকৃত নাম ফারজানা ইয়াসমিন কলি। ১৯৯৭ সালের ৭ ফেব্রুয়ারি সিলেটে জন্ম ও বেড়ে ওঠা তার। ২০১৪ সালে ‘রং আরটিভি ২০-২০ কালারস মডেল সার্চ’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার মধ্য দিয়ে পরিচিতি পান তিনি। এরপর র‍্যাম্প, ফ্যাশন শো ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেন।

‘তরুণ তুর্কী’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন মাহি। তবে অসুস্থতার কারণে ক্যারিয়ারের শুরুর দিকে প্রায় তিন বছর মডেলিং ও অভিনয় থেকে দূরে থাকতে হয় তাকে। বিরতি কাটিয়ে ২০২১ সালের শেষ দিকে নাটকে নিয়মিত হন। ‘গার্লস স্কোয়াড’ সিরিজ তার অভিনয়জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করে পরিচিতি বাড়ান।

আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭

মাহির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সাল পর্যন্ত ১২০টির বেশি নাটকে অভিনয় করেছেন তিনি।

Scroll to Top