
ঢাকা, ১৩ জুন – প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ শনিবার ১৩ জুন একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।
তথ্য অনুযায়ী, বিমানযোগে কক্সবাজার পৌঁছানোর পর প্রধানমন্ত্রী সড়ক পথে চকরিয়া ও পিএমখালীতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন।
তিনি পাতলী খাল পুনঃখনন এবং মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপন অভিযানের উদ্বোধন করবেন। কর্মসূচির অংশ হিসেবে বিকেলে চকরিয়া বাস টার্মিনালে স্থানীয় বিএনপি আয়োজিত এক জনসভায় এবং সন্ধ্যায় সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এছাড়া তিনি মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন করবেন।
এই সফরে কক্সবাজারবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণে পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী নতুন উপজেলার ভিত্তি প্রস্তর স্থাপন করবেন তিনি। দিনের সব কর্মসূচি শেষে আজ রাতেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
এনএন/ ১৩ জুন ২০২৬






