
ঢাকা, ১৫ জুন – প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় বাংলাদেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার দুপুরে তাকে মন্ত্রণালয়ে তলব করে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান ভারতীয় দূতকে তলব করেন। রোববারের ওই অনাকাঙ্ক্ষিত ঘটনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কড়া অসন্তোষ প্রকাশ করা হয়েছে।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এই ঘটনাকে দুঃখজনক বলে অভিহিত করেন এবং জানান যে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
ভারতের দিল্লিতে শুরু হওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল জাহেদ উর রহমানের। কূটনৈতিক বার্তার মাধ্যমে বিষয়টি আগে থেকে জানানো হলেও রোববার সন্ধ্যায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে বাধা দেয়। পরবর্তী সময়ে উচ্চপর্যায়ের নির্দেশে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন এবং কলম্বো হয়ে ঢাকায় ফিরে আসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের মতে, গত শুক্রবারই দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতীয় কর্তৃপক্ষকে উপদেষ্টার সফরের বিষয়টি জানিয়েছিল। এরপরেও এমন আচরণকে কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী হিসেবে দেখছে ঢাকা।
এনএন/ ১৫ জুন ২০২৬






