প্রতিবন্ধী ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন | চ্যানেল আই অনলাইন

প্রতিবন্ধী ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

নোয়াখালীর প্রতিবন্ধী মনসুর আহাম্মদ বাহার নামে এক ব্যক্তিকে সিএনজি অটোরিকশা চোর সন্দেহে ফেনীতে নিমর্মভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের স্বজনসহ এলাকাবাসীরা।

একজন প্রতিবন্ধী ব্যক্তিকে মিথ্যা চুরির অপবাদে পিটিয়ে হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসীরা।

মনসুর আহাম্মদ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের তিন নং ওয়ার্ডের মুন্সি বাড়ির মৃত সুলতান আহম্মেদের ছেলে। তিনি সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত প্রতিবন্ধী। জন্ম থেকেই তিনি শারীরিক বুদ্ধি প্রতিবন্ধী। দেড় বছর আগে নুর নাহার নামে এক নারীকে বিয়ে করেন তিনি। বর্তমানে তার স্ত্রী ৩ মাসের অন্তসত্বা। সংসারের জীবিকা নির্বাহের জন্য ফেনী জেলাতে স্টার লাইন ফুড ফ্যাক্টরিতে প্যাকেজিং সেকশনে কাজ করতেন তিনি।

গত শনিবার ১৩ সেপ্টেম্বর রাতে তিনি তার কর্মস্থল ফেনী জেলার স্টার লাইন ফুড ফ্যাক্টরিতে যান। সেদিন রাতেই সিএনজি অটো রিকশা চুরি সন্দেহে ফেনীর সদর উপজেলা মোটবী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মধ্যম লক্ষীপুর গ্রামের স্থানীয় লোকজন নির্মমভাবে পিটিয়ে তাকে হত্যা করে।

তার স্ত্রী ও স্বজনরা এ নির্মম হত্যাকান্ডের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন। নিহতের ভাই মনির হোসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় ছয় জনসহ অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার বাদী ও এলাকাবাসীর অভিযোগ পুলিশ প্রথম এ ঘটনার আসামীদের গ্রেপ্তারে আন্তরিকতা দেখালেও রহস্যজনক কারণে এখন আর জড়িতদের গ্রেপ্তারে তেমন আন্তরিকতা দেখাচ্ছে না।

এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি সামছুজ্জামান জানান, থানায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের দ্রুত সময়ে গ্রেপ্তার করা হবে।

একজন শারিরীক বুদ্ধি প্রতিবন্ধীকে মিথ্যা চুরির অপবাদে যারা এমন নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে দ্রুত সময়ে আইনের আওতায় এনে ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন নিহতের পরিবারের স্বজন ও এলাকাবাসীরা।

Scroll to Top