আবারও আলোচনায় ব্রাজিল তারকা নেইমার। তবে এবার মাঠের পারফরম্যান্স নয়- ব্যক্তিগত সময়ে পোকার খেলায় অংশ নেওয়াকে কেন্দ্র করে। সম্প্রতি একটি পোকার টুর্নামেন্টে তার উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনা। অনেকেই প্রশ্ন তোলেন, চোট কাটিয়ে ফেরার লড়াইয়ের মধ্যে এমন কর্মকাণ্ড একজন পেশাদার ফুটবলারের জন্য কতটা উপযুক্ত।
তবে সমালোচনার জবাব দিতে দেরি করেননি নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যমে জিমে অনুশীলনের একটি ভিডিও প্রকাশ করে তিনি জানান, পোকার টুর্নামেন্টে অংশ নেয়ার দিনটি ছিল তার নির্ধারিত ছুটি। অনুশীলনে ফেরার আগেই তিনি সকালে ট্রেনিং করেছিলেন এবং ম্যাচে না খেলার কারণ ছিল, তিনি তখনও পুরোপুরি ফিট হয়ে দলে ফেরেননি।
সমালোচকদের উদ্দেশে নেইমার লিখেছেন, ‘আমি এখন আবার অনুশীলনে মনোযোগ দিয়েছি। তাহলে বলুন তো, আমি কি অনুশীলন করতে পারি, নাকি আপনারা শুধু সমালোচনাই করে যাবেন? যান, নিজের চরকায় তেল দিন।’
বিশ্বকাপের পর চোট থেকে ধীরে ধীরে সেরে উঠছেন ৩৪ বর্ষী এ ফরোয়ার্ড। বর্তমানে তিনি ক্লাবের সঙ্গে নিয়মিত অনুশীলনে ফিরেছেন এবং দ্রুত মাঠে ফেরার লক্ষ্য নিয়েই প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।


