রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন ময়লার স্তূপে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানান, শনিবার ২৫ জুলাই রাত ৯টা ২০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার তিন মিনিটের মধ্যে, রাত ৯টা ২৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে বিমানবন্দর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে।
বিমানবন্দরের একটি সূত্র জানায়, ময়লার স্তূপে আগুন লাগলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি এবং বিমানবন্দরের কার্যক্রমে কোনো অসুবিধা হচ্ছে না।



