অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক মো, ফখরুদ্দীন ভূঞা ও তার স্ত্রী জাহানারা খানমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ) ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক ইব্রাহিম খলিল বাদী হয়ে মামলা দাযের করেন। দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন।
দুদক সূত্রে জানা গেছে, প্রথম মামলায় আসামি করা হয়েছে পুলিশ পরিদর্শক মো. ফখরুদ্দীন ভূঞাকে।
এজাহারে বলা হয়, তিনি দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৯০ লাখ ৯১ হাজার ২৬৭ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন বিবৃতি প্রদান করেছেন। অনুসন্ধানকালে তার নামে ১ কোটি ৫৫ লাখ ৯৫ হাজার ৯১১ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া গেছে। যেখানে তার বৈধ ও গ্রহণযোগ্য আয় ছিল ৬৩ লাখ ৮৩ হাজার ৯৫৭ টাকা। ফলে তার বিরুদ্ধে ৯২ লাখ ১১ হাজার ৯৫৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধ প্রমাণিত হওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাটি রুজু দেওয়া হয়।
দ্বিতীয় মামলায় আসামি করা হয়েছে পুলিশ পরিদর্শক ফখরুদ্দীন ভূঞার স্ত্রী জাহানারা খানমকে। এছাড়া অসাদুপায়ে অর্জিত অর্থ বৈধ করার উদ্দেশ্যে স্ত্রীকে সহায়তার অভিযোগে ফখরুদ্দীন ভূঞাকেও এ মামলায় আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, জাহানারা খানমের নামে ৮৩ লাখ ২২ হাজার ৩৭১ টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। সরকারি কর্মকর্তা হিসেবে ফখরুদ্দীন ভূঞা তার অর্জিত অবৈধ অর্থ বৈধ করতে স্ত্রীর নামে সম্পদ অর্জনে সহায়তা করায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১) এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।



