পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল: র‍্যাব ও ডিএমপিতে নতুন মুখ – DesheBideshe



ঢাকা, ২৫ আগস্ট – বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে। এই রদবদলের আওতায় র‍্যাব, ডিএমপি, পিবিআই, সিআইডি, এসবি, এপিবিএন এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে উপ সচিব তৌছিফ আহমেদের সই করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

একটি প্রজ্ঞাপনে পিবিআইয়ের ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবীরকে পুলিশ সদর দপ্তরে এবং রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. তোফায়েল আহমেদ মিয়াকে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এপিবিএনের পুলিশ সুপার নাজমুল আলমকে ডিএমপিতে এবং এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিমকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে।

অন্য একটি প্রজ্ঞাপনে এসবির ডিআইজি মু. মাহবুবুর রশীদকে রংপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএমপির উপ কমিশনার আসলাম উদ্দিনকে পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া নোয়াখালী পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরুল আমীনকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়।

একই আদেশে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান এবং উপ পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীর পূর্ববর্তী বদলি আদেশ বাতিল করা হয়েছে।

তৃতীয় প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার নয়জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে এপিবিএনের পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, এসবির বিশেষ পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এবং আরপিএমপির উপ পুলিশ কমিশনার মো. আবদুর রহমানকে পিবিআইয়ের পুলিশ সুপার পদে বদলি করা হয়।

পিবিআইয়ের পুলিশ সুপার মো. জাফর হোসেন ও মুহাম্মদ খালেদ উজ জামানকে সিআইডিতে বদলি করা হয়েছে। এ ছাড়াও মো. আবুল কালাম আজাদ, এস এম সিরাজুল হুদা, এস এম রফিকুল ইসলাম এবং মো. রিয়াজুল কবিরকে বিভিন্ন দপ্তরে বদলি ও সংযুক্ত করা হয়েছে।

এনএন/ ২৫ আগস্ট ২০২৬



Scroll to Top