পুলিশের ইউনিফর্মে আসছে বড় পরিবর্তন, ফিরছে গাঢ় নীল ও হালকা জলপাই রং – DesheBideshe

পুলিশের ইউনিফর্মে আসছে বড় পরিবর্তন, ফিরছে গাঢ় নীল ও হালকা জলপাই রং – DesheBideshe


পুলিশের ইউনিফর্মে আসছে বড় পরিবর্তন, ফিরছে গাঢ় নীল ও হালকা জলপাই রং – DesheBideshe

ঢাকা, ২১ এপ্রিল – বাংলাদেশ পুলিশের ইউনিফর্মের রং নিয়ে চলমান জল্পনার অবসান ঘটিয়ে আবারও নতুন রং নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের মাধ্যমে পুলিশের পোশাকে গাঢ় নীল এবং হালকা জলপাই রঙের সংমিশ্রণ ফিরিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। এই লক্ষ্য পূরণে পুলিশ ড্রেস রুলস ২০২৫ সংশোধনের একটি আনুষ্ঠানিক প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সম্প্রতি পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখার অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত একটি চিঠিতে এই প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয় যে ইতিপূর্বে নির্ধারিত লোহার রং এর শার্ট এবং কফি রঙের প্যান্ট নিয়ে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। বিষয়টি নিয়ে বাহিনীর অভ্যন্তরীণ ও বাইরে ব্যাপক আলোচনা শুরু হলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন রঙের নমুনা পরীক্ষা করেন। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে নতুন এই রং নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন প্রস্তাব অনুযায়ী সকল মেট্রোপলিটন পুলিশের শার্টের রং হবে হালকা জলপাই। এছাড়া এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‌্যাব ছাড়া পুলিশের অন্যান্য সকল ইউনিটের শার্টের রং হবে গাঢ় নীল। উভয় ক্ষেত্রেই প্যান্টের রং হিসেবে টিসি টুইল খাকি নির্ধারণ করা হয়েছে।

এই পরিবর্তন কার্যকর করার জন্য সংশ্লিষ্ট বিধিমালা সংশোধনের খসড়া ইতিমধ্যেই তৈরি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে ইউনিফর্ম সরবরাহ প্রাপ্যতার ভিত্তিতে হওয়ায় এই নতুন পরিবর্তনে সরকারের অতিরিক্ত কোনো আর্থিক ব্যয়ের প্রয়োজন পড়বে না। দ্রুত এই প্রক্রিয়া বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

এনএন/ ২১ এপ্রিল ২০২৬



Scroll to Top