যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ বজায় থাকা অবস্থায় আলোচনার জন্য পাকিস্তানে কোনো প্রতিনিধি দল পাঠানো হবে না বলে ঘোষণা দিয়েছে ইরান।
দেশটির তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নৌ-অবরোধ যতক্ষণ কার্যকর থাকবে, ততক্ষণ কোনো আলোচনা হবে না।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অবরোধ বহাল রেখে আলোচনার টেবিলে বসার কোনো পরিকল্পনা বর্তমানে তেহরানের নেই।
এর আগে, গত সোমবার (১৩ এপ্রিল) থেকে যুক্তরাষ্ট্র ইরানের ওপর কঠোর নৌ-অবরোধ কার্যকর করে।
মার্কিন প্রশাসনের দাবি, ইরানি বন্দর থেকে আসা-যাওয়া জাহাজের ওপর অবরোধ পূর্ণ শক্তিতে বহাল রয়েছে। এই নৌ-অবরোধের ফলে ইরানের প্রতিদিন প্রায় ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি ডলারের রাজস্ব ক্ষতি হচ্ছে বলে জানা গেছে।
এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল প্রতীক্ষিত দ্বিতীয় দফার শান্তি আলোচনার উদ্দ্যেশ্যে আজ রোববার (১৯ এপ্রিল) ওয়াশিংটনের একটি দল ইসলামাবাদে পৌঁছার কথা রয়েছে। স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার এই শীর্ষ প্রতিনিধি দলে আছেন। তারা শান্তি চুক্তি চূড়ান্ত করবেন এবং পরের সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান সফর করতে পারেন বলে জানা গেছে।
মার্কিন প্রেসিডেন্ট তার ট্রুথ সোশ্যালে পোস্ট করেও বিষয়টি নিশ্চিত করেছেন।





