
তেল আবিব, ১৫ জুন – ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অত্যন্ত কঠোর ও বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, নেতানিয়াহু আসন্ন সাধারণ নির্বাচন বানচালের চেষ্টা করতে পারেন।
এমন পরিস্থিতি তৈরি হলে তাকে লাঠি ও পাথর মেরে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বারাক। গত রবিবার ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
এহুদ বারাক ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার মতে, নেতানিয়াহু খুব সহজেই নির্বাচন প্রক্রিয়া নস্যাৎ করতে পারেন। বারাক বলেন, যদি তিনি এমন কোনো পদক্ষেপ নেন, তবে তাকে কঠোরভাবে প্রতিহত করা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না।
নেতানিয়াহু বর্তমানে ইসরায়েলের ইতিহাসে অন্যতম কট্টরপন্থি সরকারের নেতৃত্ব দিচ্ছেন। চলতি বছরের অক্টোবরে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে এবং সেপ্টেম্বর বা অক্টোবরে পরবর্তী নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।
বারাকের অভিযোগ, লেবাননে সামরিক অভিযান চালিয়ে যুদ্ধের পরিবেশ সৃষ্টি করতে পারেন নেতানিয়াহু যাতে নির্বাচন পিছিয়ে যায়। তার দাবি, দুর্নীতির মামলা থেকে বাঁচতে নেতানিয়াহু যুদ্ধ দীর্ঘায়িত করতে চান।
এদিকে বারাকের এমন মন্তব্যের পর লিকুদ পার্টির পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। নেসেটের প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান বোয়াজ বিসমুথ বারাকের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের দাবি তুলেছেন।
এস এম/ ১৫ জুন ২০২৬






