এই খবরটি পডকাস্টে শুনুনঃ
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স শহরে ট্রাক নিয়ে হামলার ঘটনার পর এবার নিউইয়র্কের কুইনসে আমাজুরা নাইট ক্লাবে এলোপাথাড়ি গুলিতে ১০ জন আহত হয়েছেন। এই ঘটনায় দুজন জড়িত রয়েছে বলে সন্দেহ পুলিশের। তবে তারা গুলি চালিয়ে পালিয়ে গেছে।
এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় ১ জানুয়ারি বুধবার রাত ১১টা ২০ মিনিটে এই হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে নিউইয়র্ক পুলিশ। নেট মাধ্যমে ভাইরাল হওয়া এই ঘটনার ভিডিওতে দেখা গিয়েছে, নাইট ক্লাব ঘিরে ফেলেছে বিপুল সংখ্যক পুলিশ।
নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) বলেছে, আহতদের কেউই গুরুতর অবস্থায় নেই এবং সবাই বেঁচে থাকবেন বলে আশা করা হচ্ছে। তাদের চিকিৎসার জন্য লং আইল্যান্ড হাসপাতাল এবং কোহেনস চিলড্রেন মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।
এখনও এই ঘটনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবরণ প্রকাশ করা হয়নি। তবে সোশ্যাল মিডিয়া পোস্টগুলোতে ক্লাবের বাইরে পুলিশের গাড়ি এবং অ্যাম্বুলেন্সের একটি বিশাল ভিড় দেখায়।

