নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন ও রদবদলের প্রজ্ঞাপন জারি | চ্যানেল আই অনলাইন

সরকারের নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন এবং ১ মন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

শুক্রবার রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩(৪) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তরের দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করেছেন।

গেজেট অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা হলেন- ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে, এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে। সাচিং প্রু জেরি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে,
আন্দালিব রহমান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ও আফরোজা খানমকে দেওয়া হয়েছে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব (পূর্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন)।

প্রতিমন্ত্রীদের মধ্য হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয় (টেকনোক্র্যাট) এবং মোহাম্মদ শামীম কায়সারকে দেওয়া হয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, গত ১৭ ফেব্রুয়ারি, ৪ মার্চ, ১২ মার্চ ও ২৫ মার্চ জারি করা প্রজ্ঞাপনসমূহের অন্যান্য বিষয়াবলি অপরিবর্তিত থাকবে।

এর ফলে মন্ত্রিসভার আকার বেড়ে দাঁড়ালো ৫৩ জনে।‌ প্রধানমন্ত্রী ছাড়াও ২৮ জন মন্ত্রী ও ২৫ জন প্রতিমন্ত্রী।

Scroll to Top