নতুন ইতিহাস গড়তে যাচ্ছে স্পাইডার-ম্যানের চতুর্থ সিনেমা | চ্যানেল আই অনলাইন

নতুন ইতিহাস গড়তে যাচ্ছে স্পাইডার-ম্যানের চতুর্থ সিনেমা | চ্যানেল আই অনলাইন

বিশ্বজুড়ে বইছে টম হল্যান্ডের বহুল প্রতীক্ষিত সিনেমা স্পাইডার-ম্যান উন্মাদনা। সনি ও মার্ভেল স্টুডিওসের সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ মুক্তি পাবে আগামী ৩১ জুলাই। কিন্তু তার আগেই এই সিনেমা গড়তে যাচ্ছে নতুন এক ইতিহাস।

শুধু গল্পে নয়, কারিগরি দিক থেকেও নতুন ইতিহাস গড়তে যাচ্ছে। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ হতে যাচ্ছে বিশ্বের প্রথম সিনেমা, যা সম্পূর্ণভাবে স্ক্রিন-এক্স ফরম্যাটের কথা মাথায় রেখে শুটিং হয়েছে।

স্পাইডার-ম্যানের মতো বিশাল ক্যানভাসে এই প্রযুক্তি ব্যবহার করায় ভক্তদের মধ্যে বাড়তি উন্মাদনা কাজ করছে।

স্ক্রিন-এক্স হলো সিনেমার এক আধুনিক প্রদর্শন প্রযুক্তি। সাধারণ হলে দর্শক শুধু সামনের পর্দায় সিনেমা দেখতে পায়, কিন্তু স্ক্রিন-এক্স প্রযুক্তিতে হলের মূল পর্দার পাশাপাশি দুই পাশের দেয়ালেও দৃশ্য সম্প্রসারিত হয়। এতে দর্শকেরা পুরো ২৭০ ডিগ্রি জুড়ে প্যানারোমিক ভিউ পান।

ফলে স্পাইডার-ম্যান যখন আকাশচুম্বী ভবনের মাঝখান দিয়ে জাল ছুড়ে উড়বে, তখন হলের দুই পাশের দেয়ালেও বড় বড় ভবন দেখা যাবে। তিন দিকের পর্দার কারণে দর্শকদের মনে হবে, তাঁরা নিজেরাও স্পাইডার-ম্যানের সঙ্গে আকাশে উড়ছেন। এটি দর্শকদের সম্পূর্ণ অন্য এক অনুভূতির অভিজ্ঞতা দেবে।

এর আগেও বেশ কিছু বড় বাজেটের হলিউড সিনেমা স্ক্রিন-এক্স ফরম্যাটে মুক্তি পেয়েছে। তবে সেসব সিনেমার ক্ষেত্রে প্রচলিত পদ্ধতিতেই দৃশ্য ধারণ করা হতো। পরে এডিটিংয়ের সময় দুই পাশের দেয়ালের পর্দায় গ্রাফিকসের মাধ্যমে দৃশ্য বাড়ানো হতো। কিন্তু নতুন স্পাইডার-ম্যান সিনেমার ক্ষেত্রে বিষয়টি আলাদা। এটি শুরু থেকে স্ক্রিন-এক্স প্রযুক্তির কথা মাথায় রেখে মাল্টি-ক্যামেরায় শুটিং হয়েছে।

স্ক্রিন-এক্স প্রযুক্তির উদ্ভাবক কোরিয়ার বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ‘সিজে ফোর ডিপ্লেক্স’। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জুন ব্যাং সংবাদমাধ্যম ভ্যারাইটিকে বলেন, ‘সনি পিকচার্স ও পরিচালক ডেসটিন ড্যানিয়েল ক্রেটনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আমরা এটি করেছি। পরিচালকের ক্রিয়েটিভ ভিশনকে বিন্দুমাত্র নষ্ট না করেই সিনেমার ভিজ্যুয়াল ক্যানভাসকে অনেক বড় করতে পেরেছি। আমাদের লক্ষ্য হলো, স্পাইডার-ম্যানের দুনিয়াকে আরও কাছাকাছি নিয়ে আসা।’

সিনেমাটির পরিচালক ডেসটিন ড্যানিয়েল ক্রেটন বলেন, ‘সিজে ফোর ডিপ্লেক্সের টিম স্পাইডার-ম্যানের সেটে এসেছিল। মূল পর্দার পাশাপাশি দুই পাশের দেয়ালে আপনারা যা দেখবেন, সেই ফুটেজগুলো অন-সেটেই বিশেষ ক্যামেরা দিয়ে শুটিং হয়েছে। এটি সিনেমার ইতিহাসে এক অভিনব ঘটনা।’

Scroll to Top