রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লিতে ফারুক সরদার (২৮) নামের তরুণকে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার বিকেলে মানিকগঞ্জ থেকে একজন এবং রাতে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে আরেকজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজনের মধ্যে এজাহারভুক্ত ৪ নম্বর আসামি ফজলুল হক ওরফে ফজল শেখ (৩৯) উপজেলার উত্তর দৌলতদিয়া সোহরাব মণ্ডল পাড়ার সোনা উল্লাহ শেখের ছেলে। আর সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার ইউসুফ মণ্ডল (৩৩) দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং হোসেন মণ্ডল পাড়ার মোহন মণ্ডলের ছেলে। ফজলুল হকের শ্যালক হলেন ইউসুফ। এর আগে ওই হত্যাকাণ্ডে হুমায়ুন (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ফারুক সরদার উপজেলার উত্তর দৌলতদিয়া সোহরাব মণ্ডল পাড়ার পল্লিচিকিৎসক শহিদুল ইসলামের ছেলে। এ ছাড়া মোহন মণ্ডলের ভায়রার ছেলে। ফারুক ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত এবং দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী ছিলেন।



